ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা খামেনির পাঠানো বার্তাকে ‘বিশেষ’ বলে বর্ণনা করেছেন মস্কোয় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি। তার মতে, এ বার্তায় দুই দেশের কৌশলগত সম্পর্কের গুরুত্ব তুলে ধরা হয়েছে।
রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসকে দেওয়া এক সাক্ষাৎকারে জালালি এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজাইয়ের মস্কো সফরের প্রধান উদ্দেশ্য ছিল পুতিনের কাছে ইরানের সর্বোচ্চ নেতার আনুষ্ঠানিক বার্তা পৌঁছে দেওয়া।
রাষ্ট্রদূত জানান, বর্তমান বৈশ্বিক ও আঞ্চলিক পরিস্থিতিতে তেহরান ও মস্কোর মধ্যে ঘনিষ্ঠ সমন্বয় আরও জরুরি হয়ে উঠেছে। ওই বার্তায় দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ককে গুরুত্ব দেওয়া হয়েছে। সেই সঙ্গে সর্বোচ্চ পর্যায়ের আলোচনা অব্যাহত রাখার ওপরও জোর দেওয়া হয়েছে।
জালালি রেজাইয়ের এই সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে অভিহিত করেন। তার মতে, এই সফরের মধ্য দিয়ে দুই দেশের কৌশলগত সহযোগিতা অব্যাহত রাখা এবং আরও গভীর করার অঙ্গীকার প্রকাশ পেয়েছে।
চলতি মাসের শুরুর দিকে ক্রেমলিনে পুতিনের সঙ্গে বৈঠক করেন মোহসেন রেজাই। বৈঠকে দুই দেশের কৌশলগত সম্পর্ক, আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি এবং সহযোগিতা বাড়ানোর বিভিন্ন সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
সেই সময় রেজাই জানিয়েছিলেন, খামেনি চেয়েছিলেন তার বার্তাটি যেন যত দ্রুত সম্ভব পুতিনের কাছে পৌঁছে দেওয়া হয়। জবাবে রুশ প্রেসিডেন্ট ইরানের সর্বোচ্চ নেতাকে উষ্ণ ও আন্তরিক শুভেচ্ছা জানান বলে উল্লেখ করেন তিনি। পুতিনও খামেনির বার্তাকে স্বাগত জানান। একই সঙ্গে এই অঞ্চলে ইরানের গঠনমূলক ও গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর গুরুত্ব দেন তিনি।
মার্কিন-ইসরায়েলি আগ্রাসনের পরবর্তী পরিস্থিতি মোকাবিলা, আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করা এবং যুদ্ধ-পরবর্তী পুনর্গঠন প্রক্রিয়া এগিয়ে নিতে তেহরান ও মস্কোর জোরদার কূটনৈতিক তৎপরতার মধ্যেই এই বৈঠক অনুষ্ঠিত হয়।
রাজনীতি ও নিরাপত্তার পাশাপাশি অর্থনীতি ও জ্বালানি খাতেও সহযোগিতা বাড়াতে বারবার অঙ্গীকার করেছে দুই দেশ। এরই অংশ হিসেবে ক্রেমলিনের বৈঠকে ইরানকে একটি আঞ্চলিক গ্যাস হাবে পরিণত করার বিষয়ে আলোচনা হয়েছে। এই পরিকল্পনার মূল লক্ষ্য হলো, ইরানের ভৌগোলিক অবস্থান ও অবকাঠামো ব্যবহার করে অঞ্চলটির দেশগুলোতে গ্যাস সরবরাহ ও বাণিজ্য নিয়ন্ত্রণ করা।
এছাড়া বৈঠকে আন্তর্জাতিক উত্তর-দক্ষিণ পরিবহন করিডোর (আইএনএসটিসি) নিয়েও কথা হয়। এটি মূলত সড়ক, রেল ও নৌপথের সমন্বয়ে গড়ে তোলা একটি বহুমুখী বাণিজ্য ও যোগাযোগ নেটওয়ার্ক। এর মাধ্যমে রাশিয়া ও উত্তর ইউরেশিয়ার দেশগুলো ইরান হয়ে সরাসরি দক্ষিণ এশিয়া ও পারস্য উপসাগরীয় অঞ্চলের বাজারগুলোর সঙ্গে যুক্ত হতে পারবে।
পশ্চিমা নিষেধাজ্ঞার চাপ এড়িয়ে নিজেদের মধ্যে বাণিজ্য ও পণ্য পরিবহন সহজ করতেই এই করিডোরটি দ্রুত বাস্তবায়ন করতে চায় তেহরান ও মস্কো। সূত্র: প্রেস টিভি








