ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : রংপুরের তারাগঞ্জে ভাড়া নিয়ে বিরোধে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর বিক্ষুব্ধ জনতা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। রোববার (১৫ নভেম্বর) সকাল ৮টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জ উপজেলার জিগাতলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের বসুনিয়াপাড়া এলাকার কালু মিয়ার ছেলে মুকুল ইসলাম (২৮) ও লোকমান বসুনিয়ার ছেলে শাকিব বসুনিয়া (২২)।
বাসের যাত্রী ও একই এলাকার বাসিন্দা আতিক ইসলাম বলেন, তার কাছে টাকা থাকায় তাকে বাস থেকে নামানো হয়নি। তবে বাসের হেলপার ও সুপারভাইজার তাকে জিম্মি করেন এবং গলায় গামছা পেঁচিয়ে ধরেন। এ সময় মুকুল ও শাকিব তাকে বাঁচাতে এগিয়ে এলে তাদের লাথি মেরে চলন্ত বাস থেকে ফেলে দেয়া হয়। পরে তিনি চিৎকার করলে একটি মাইক্রোবাসের যাত্রীরা বিষয়টি দেখে স্থানীয় লোকজনকে জানান। এরপর স্থানীয় লোকজন বাসটি আটক করেন। বাসটি আটকানো না হলে তাকেও ফেলে দেয়া হতো বলে দাবি করেন আতিক।
নিহত শাকিব বসুনিয়ার বড় ভাই শাকিল বসুনিয়া বলেন, তার ছোট ভাইসহ এলাকার ছয়জন কুমিল্লার ময়নামতি সেনানিবাস এলাকা থেকে সায়মন এক্সক্লুসিভ পরিবহনের একটি বাসে বাড়ি ফিরছিলেন। তাদের চাচা আতিকের কাছে তিন লাখ টাকা ছিল। তারাগঞ্জ পার হওয়ার পর অন্য যাত্রীদের নামিয়ে দিয়ে আতিককে জিম্মি করা হয়। পরে মুকুল ও শাকিব তাকে বাঁচাতে গেলে তাদের লাথি ও ধাক্কা দিয়ে চলন্ত বাস থেকে ফেলে দেয়া হয়। পরে চিকলী এলাকায় স্থানীয় লোকজন ও পথে থাকা একটি মাইক্রোবাসের যাত্রীরা বাসটি আটক করেন।
তারাগঞ্জ ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকাল ৮টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল জিগাতলা এলাকায় যায়। সেখানে সড়কের পাশে দুজনকে পড়ে থাকতে দেখা যায়। তাদের একজন ঘটনাস্থলেই মারা যান। অপরজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উদ্ধারকারী দলের সদস্য ও তারাগঞ্জ ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার বেনজির আহমেদ বলেন, ঘটনাস্থলে পৌঁছে তারা দুজনকে পড়ে থাকতে দেখেন। সেখানে কোনও দুর্ঘটনার আলামত পাওয়া যায়নি। স্থানীয় লোকজন তাদের জানিয়েছেন, ওই দুজনকে বাস থেকে ফেলে দেয়া হয়েছে।
এ দিকে তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিয়া বলেন, ‘ফেলে দিয়ে হত্যার গুজব উঠেছে। মামলা হলে তদন্তের পর সব তথ্য উদঘাটন হবে। এই ঘটনায় চালক ও হেলপারকে আটক করা হয়েছে এবং জব্দ করা হয়েছে গাড়িটি।’
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোনাববর হোসেন বলেন, ‘ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এ ঘটনায় বাসের চালক ও সুপারভাইজারকে আটক করে হেফাজতে নিয়েছে পুলিশ।’








