ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ৭ নভেম্বরের চেতনা বাংলাদেশের জনগণকে স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করার প্রেরণা যুগিয়েছে। এই দিনটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে গণতন্ত্র, জাতীয় স্বাধীনতা ও জনগণের অধিকার প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত।
তিনি বলেন, ৭ নভেম্বর সিপাহী ও জনগণ একসঙ্গে রাস্তায় নেমেছিল আধিপত্যবাদের বিরুদ্ধে। এটি ছিল জনগণের জাতীয় জাগরণ। ৭ নভেম্বরের প্রেরণা থেকেই আজও আমরা কথা বলতে পারি, সত্য উচ্চারণ করতে পারি এবং যে-কোনো স্বৈরাচারের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস পাই।
শুক্রবার (১৩ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ১৯৭১ সালে নয় মাস যুদ্ধ করে বাংলাদেশ ভৌগোলিক স্বাধীনতা অর্জন করলেও জনগণের প্রকৃত স্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হয়নি। ৭ নভেম্বরের মধ্য দিয়ে জনগণের স্বাধীনতা, নাগরিক অধিকার, সংবাদপত্রের স্বাধীনতা এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার পথ উন্মুক্ত হয়।
রিজভী বলেন, আমাদের রাষ্ট্রনীতি ও পররাষ্ট্রনীতি কারও নির্দেশে পরিচালিত হবে না। বাংলাদেশের জনগণ যেভাবে সিদ্ধান্ত নেবে, সেভাবেই রাষ্ট্র পরিচালিত হবে। জনগণের শাসন প্রতিষ্ঠিত হবে, একক শাসন নয়।
বিএনপির এই নেতা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জনপ্রিয়তা সেনাবাহিনী ও জনগণের মধ্যে ছিল। তার নেতৃত্বে বাংলাদেশকে অন্ধকার, দুঃশাসন ও নির্যাতন থেকে মুক্ত করে বহুদলীয় গণতন্ত্র, সংবাদপত্রের স্বাধীনতা এবং রাজনৈতিক স্বাধীনতার পথ তৈরি হয়।
তিনি বলেন, পরবর্তী সময়ে গণতন্ত্রের ওপর বারবার আঘাত এসেছে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ নয় বছর গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সংগ্রাম করেছেন। তার নেতৃত্বে ১৯৯০ সালে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়। পরবর্তী সময়ে শেখ হাসিনার শাসনামলে রাষ্ট্রের চরিত্র পরিবর্তিত হয়ে গুম, গুপ্তহত্যা ও নির্যাতনের অভিযোগ সামনে আসে।
রিজভী বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনে বিএনপি ও গণতন্ত্রকামী জনগণ দীর্ঘদিন সংগ্রাম করেছে। ২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে ছাত্র, শ্রমিক, রিকশাচালকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এই আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাচারী শাসনের অবসান ঘটে।
শেখ হাসিনার প্রত্যাবর্তন প্রসঙ্গে তিনি বলেন, প্রত্যাবর্তন ও প্রত্যর্পণ এক বিষয় নয়। কারও বিরুদ্ধে অপরাধের মামলা ও সাজা থাকলে তাকে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে দেশে ফিরতে হবে। ভারতের সঙ্গে বাংলাদেশের প্রত্যর্পণ চুক্তি রয়েছে। তাই এ ক্ষেত্রে আইন ও বিচারিক প্রক্রিয়া অনুসরণ করতে হবে।
নারী নেতাকর্মীদের উদ্দেশে রিজভী বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে নারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু কারও স্ত্রী, বোন কিংবা পরিবারের সদস্য হিসেবে নয়, নারীরা গণতন্ত্রের জন্য স্বতন্ত্রভাবে সংগ্রাম করেছেন। আন্দোলনে অংশ নিয়ে অনেক নারী গ্রেপ্তার, নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন।
তিনি বলেন, বিএনপির মহিলা সংগঠন একটি আধুনিক সমাজ গঠনে ভূমিকা রাখতে পারে। নারীদের শিক্ষা, কর্মসংস্থান ও অর্থনৈতিক ক্ষমতায়নে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। বাল্যবিবাহ বন্ধ, নারী উদ্যোক্তা তৈরি এবং নারীদের স্বাবলম্বী করার ক্ষেত্রে মহিলা সংগঠনকে কার্যকর ভূমিকা রাখতে হবে।
তিনি আরও বলেন, নারীদের শিক্ষিত ও স্বাবলম্বী হতে হবে। তারা ভালো চাকরি করবে, নিজের পায়ে দাঁড়াবে এবং পরিবারের পাশাপাশি সমাজকেও আলোকিত করবে। নারী উদ্যোক্তাদের বিনা জামানতে ঋণ দেওয়ার উদ্যোগ তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে সহায়তা করতে পারে।








