ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী দেলাওয়ার হোসেন বলেছেন, জামায়াতে ইসলামীতে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদক কারবারি নেই। জামায়াতে ইসলামী দলীয়করণে বিশ্বাসী নয়। জামায়াতে ইসলামী নির্বাচিত হলে ঠাকুরগাঁওয়ের প্রতিটি মানুষ নাগরিক হিসেবে সমান সুযোগ-সুবিধা পাবে। যারা আল্লাহকে ভয় করে, তারা দুর্নীতি, অনিয়ম, অন্যায় করবে না, করতে দেবে না।
আজ দুপুরে স্থানীয় রহিমানপুর ইউনিয়নের ডেবাডাঙ্গী এলাকায় নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দেলাওয়ার হোসেন বলেন, ইসলামী সমাজ প্রতিষ্ঠা ব্যতীত মানুষের অধিকার নিশ্চিত হবে না। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার আগে ইসলামী সমাজ প্রতিষ্ঠা করতে হবে। সমাজের নেতৃত্বের জন্য প্রয়োজন সৎ, যোগ্য, দক্ষ ও আদর্শিক মানবিক নেতৃত্ব। স্বাধীনতা-পরবর্তী ঠাকুরগাঁও-১ আসন থেকে বিভিন্ন দলের নেতাদের সংসদ সদস্য নির্বাচিত করা হলেও জনগণের অধিকার নিশ্চিত হয়নি। বরং নির্বাচিত জনপ্রতিনিধিদের দ্বারা অনেক ক্ষেত্রে সাধারণ জনগণ নির্যাতিত হয়েছে, জুলুমের শিকার হয়।
শোষণের হাত থেকে মুক্তি পেতে আগামী ২৯ অক্টোবর দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিতে স্থানীয়দের আহ্বান জানিয়ে দেলাওয়ার হোসেন বলেন, যারা সন্ত্রাস ও চাঁদাবাজ লালন-পালন করে, মাদক ও অস্ত্রের রাজনীতি করে, তাদের নেতৃত্বে জনগণ বারবার শোষিত হয়েছে। আগামীতে শোষণের হাত থেকে মুক্তির জন্য ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে সন্ত্রাস-চাঁদাবাজ ও মাদকমুক্ত ঠাকুরগাঁও গড়তে হবে।








