ফাইল ছবি
অনলাইন ডেস্ক : প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বললেন, আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে গেছেন। কোনো ডিসেম্বরেই সে আর দেশে ফিরবে না।
ঝিনাইদহের উজির আলী স্কুল অ্যান্ড কলেজের নবীনবরণ অনুষ্ঠানে আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন রাশেদ খাঁন। একই সঙ্গে আওয়ামী লীগকে ক্ষমা করার কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।
২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এর মধ্য দিয়ে তার টানা সাড়ে ১৫ বছরের শাসনের অবসান ঘটে। তখন থেকেই ভারতে অবস্থান করছেন তিনি।
পরে ছাত্র-জনতার অভ্যুত্থান দমনের চেষ্টার সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে দোষী সাব্যস্ত হন ৭৯ বছর বয়সী হাসিনা। তিনি মৃত্যুদণ্ডে দণ্ডিত পলাতক আসামি। দেশে তার দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়।
হাসিনার দেশ ছাড়ার সঙ্গে সঙ্গে আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নেতা, তার সরকারের সাবেক মন্ত্রী, দলীয় সংসদ সদস্য এবং তৃণমূলের অনেক নেতা-কর্মী আত্মগোপনে চলে যান। পরে তাদের অনেকের ভারত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, সংযুক্ত আরব আমিরাত ও ইউরোপের বিভিন্ন দেশে অবস্থানের ছবি ও ভিডিও প্রকাশ পায়। দেশে থাকা অনেক নেতাকর্মী গ্রেফতার হন।
গত বছরের মে মাসে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়। এখন দলটির রাজনৈতিক তৎপরতা মূলত অনলাইনে সীমিত। এর বাইরে বিচ্ছিন্নভাবে কিছু ঝটিকা মিছিল করে দলটির নেতাকর্মীরা।
ভারতে অবস্থান করা শেখ হাসিনা মাঝেমধ্যে বিবৃতি দেন ও সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দেন। গত জুলাইয়ে যুক্তরাজ্যভিত্তিক বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে আগামী ডিসেম্বরে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের ঘোষণা দেন তিনি। নির্বাসনে থাকা দলের নেতাদেরও তার সঙ্গে দেশে ফেরার আহ্বান জানান ক্ষমতাচ্যুত হওয়া সাবেক এই প্রধানমন্ত্রী।
রাশেদ খাঁন বলেন, জামায়াত-শিবির একদিকে আবরার ফাহাদের হত্যার প্রতিবাদ করবে, আবার শিশির মনিরকে আসামি পক্ষের আইনজীবী হিসেবে কাজ করতে দেবে। এই কাজ দ্বিচারিতা। জামায়াতের এই দ্বিচারিতা জনগণ জানে। আবরার হত্যার প্রতিবাদে মাঠে সবাই নেমেছিলো। এমনকি শিবিরও প্রোগ্রাম করেছে, এনসিপিও প্রোগ্রাম করেছে। কিন্তু আমার প্রশ্ন হলো আবরার হত্যা মামলায় আসামিদের আইনজীবী হয়েছিলেন শিশির মনির, তিনি জামায়াতের আইনজীবী। তিনি একই সাথে জামায়াতের এমপি প্রার্থী ছিলেন।
তিনি আরও বলেন, জামায়াতের আইনজীবী শিশির মনির যখন আবরারের আসামিদের আইনজীবী হন তখন শিবির কোন লজ্জায় রাজপথে প্রোগ্রাম করে? সেই প্রশ্ন আমি রাখলাম। দেখবেন জুলাইয়ের সময় এই শিশির মনিরেরা রাজপথে নামেননি। তৎকালীন জুলাইয়ের পক্ষে তার ফেসবুকে কোনো পোস্ট আছে কি না আমার সন্দেহ আছে। তার প্রোফাইলটা পর্যন্ত লাল করা হয়নি।








