ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় মো. সজিব (২৬) নামে এক প্রবাসী বাংলাদেশি যুবক নিহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
আজ সোমবার (৫ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এই গভীর শোক প্রকাশ করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৪ অক্টোবর সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের আল খুরাইস এলাকায় আরামকোর একটি স্থাপনায় হুতিদের নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র/ড্রোনের আঘাতে বাংলাদেশি নাগরিক মো. সজিব হোসেন মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিহত সজিব হোসেন কুমিল্লা জেলার অধিবাসী ছিলেন।
বাংলাদেশি নাগরিকের প্রাণহানির ঘটনায় পররাষ্ট্র মন্ত্রণালয় গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে এবং এ ধরনের হামলার তীব্র নিন্দা জানাচ্ছে। একই সঙ্গে মরহুমের শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের প্রতি মন্ত্রণালয় আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছে।
সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস ইতোমধ্যেই মৃতের পরিবারের সদস্য ও নিয়োগকর্তার সঙ্গে যোগাযোগ করেছে এবং প্রয়োজনীয় সার্বিক সহযোগিতা প্রদান করছে। তার মরদেহের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্নকরণ ও দেশে পাঠানোর বিষয়ে দূতাবাস সংশ্লিষ্ট সৌদি কর্তৃপক্ষের সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় করছে।








