ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : আসুন জেনে নেওয়া যাক কীভাবে চিকেন ভেজিটেবল রোল তৈরি করবেন-
উপকরণ :
ময়দা ১ কাপ
মুরগির মাংস ১ কাপ (কিউব করে কাটা)
সবজি দেড় কাপ (গাজর, বাঁধাকপি ও ক্যাপসিকাম)
পেঁয়াজ কুচি আধা কাপ
কাঁচামরিচ কুচি ১ টেবিল চামচ
আদা ও রসুন বাটা ১ চা চামচ
গোলমরিচ গুঁড়া আধা চা চামচ
সয়া সস ১ টেবিল চামচ
টমেটো সস ২ টেবিল চামচ
ডিম ২টি
ব্রেডক্রাম্ব বা বিস্কুটের গুঁড়া ১ কাপ
তেল পরিমাণমতো
পানি পরিমাণমতো
লবণ স্বাদমতো
প্রস্তুত প্রণালি : প্রথমে কড়াইয়ে ২ টেবিল চামচ তেল গরম করুন। এতে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ এবং আদা-রসুন বাটা দিয়ে হালকা করে ভেজে নিন। এবার কুচানো সবজি ও সিদ্ধ মুরগির মাংস দিয়ে দিন। এরপর সয়াসস, টমেটো সস, গোলমরিচ গুঁড়া ও লবণ মিশিয়ে মাঝারি আঁচে ২-৩ মিনিট ভালোভাবে নেড়েচেড়ে রান্না করুন। পুরটি যখন মাখা মাখা হয়ে যাবে, তখন চুলা বন্ধ করে ঠান্ডা হতে দিন। এদিকে একটি পাত্রে ময়দা, ডিম, সামান্য লবণ, ১ চা চামচ তেল এবং প্রয়োজনমতো পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। ব্যাটারটি যেন একদম মসৃণ ও পাতলা হয়।
এবার নন-স্টিক ফ্রাইপ্যানে সামান্য তেল ব্রাশ করে অল্প ব্যাটার ঢালুন। প্যানটি ঘুরিয়ে ব্যাটার ছড়িয়ে পাতলা রুটির মতো শিট তৈরি করুন। কম আঁচে কয়েক সেকেন্ড রেখে দিলেই শিটটি শুকিয়ে প্যান থেকে সহজে উঠে আসবে। এভাবে বাকি শিটগুলোও তৈরি করে নিন। একটি শিটের মাঝখানে বা একপাশে পরিমাণমতো চিকেন-ভেজিটেবল পুর রাখুন। এবার দুপাশ ভাঁজ করে শক্ত করে গোল করে রোল বানিয়ে নিন।
বেগুনের ভিন্ন স্বাদের এই চপ খেয়েছেন কখনো
রোলের মুখ আটকাতে ময়দা ও পানি মিশিয়ে তৈরি করা আঠা ব্যবহার করতে পারেন। সবগুলো রোল তৈরি হলে প্রতিটি প্রথমে ফেটানো ডিমে ডুবিয়ে নিন। এরপর ব্রেডক্রাম্ব বা বিস্কুটের গুঁড়ায় ভালোভাবে গড়িয়ে নিন, যাতে চারপাশে সমানভাবে আবরণ পড়ে।
কড়াইয়ে পর্যাপ্ত তেল গরম করে রোলগুলো মাঝারি আঁচে ছেড়ে দিন। ধীরে ধীরে উল্টেপাল্টে ভেজে নিন, যতক্ষণ না বাইরের অংশ সোনালি বাদামি ও মুচমুচে হয়ে আসে। এরপর তেল ঝরিয়ে তুলে নিন। তৈরি হয়ে গেল সুস্বাদু চিকেন ভেজিটেবল রোল।








