ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : কক্সবাজার সদর উপজেলার লিংক রোড এলাকায় অভিযান চালিয়ে ১৪ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল, নগদ টাকা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
গ্রেফতাররা হলেন রামু উপজেলার কচ্ছপিয়া এলাকার মো. ইসা (২০) এবং কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা লারপাড়া এলাকার মো. নুরুল আবছার (২৬)।
এসআরবি-১৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, নাইক্ষ্যংছড়ি থেকে মোটরসাইকেলে করে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে কয়েকজন মাদক কারবারি কক্সবাজার সদরের দিকে আসছেন। এ তথ্যের ভিত্তিতে গত ২১ সেপ্টেম্বর রাতে লিংক রোড রেলক্রসিং এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসানো হয়।
পরে সন্দেহভাজন মোটরসাইকেলটি চেকপোস্টে পৌঁছালে সেটির গতিরোধ করে তল্লাশি চালানো হয়। এ সময় মোটরসাইকেলে বিশেষ কায়দায় স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ১৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
অভিযানে ইয়াবার পাশাপাশি নগদ ৬ হাজার ২০০ টাকা, একটি মোটরসাইকেল, একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানিয়েছে, তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। পরে গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ধারায় মামলা করা হয়েছে। উদ্ধার করা মাদক ও অন্যান্য আলামতসহ তাদের কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়।








