ফাইল ছবি
অনলাইন ডেস্ক : কক্সবাজারে প্রাইভেট কারের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৮৯ হাজার ৪০০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি’র কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) রেজুখাল চেকপোস্টের তল্লাশিদল।
এ ঘটনায় মো. এরফান (৩০) নামে এক যাত্রীকে আটক করা হয়েছে। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কার ও একটি স্মার্টফোন জব্দ করা হয়।
গতকাল শনিবার রাত ১টার দিকে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর তল্লাশিদল মিনি বান্দরবান সড়কে একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করে।
আটককৃত এরফান কক্সবাজার সদরের দক্ষিণ মহুরিপাড়া লিংক রোড এলাকার মৃত মো. আব্দুল ছামাদের ছেলে। এ ঘটনায় টেকনাফের সাবরাং সিকদার এলাকার মৃত জহির আহম্মেদের ছেলে মো. কাদের (৪৫) ও মো. কামাল (৪০) এবং রামুর পূর্ব গোয়ালিয়া পালং এলাকার মৃত আশরাফ মিয়ার ছেলে মো. মুনসুর (৫৫) পলাতক রয়েছে।
আটককৃত ব্যক্তিকে ইয়াবা ও অন্যান্য মালামালসহ থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এ ব্যাপারে কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক বলেন, উদ্ধারকৃত ইয়াবা, জব্দকৃত প্রাইভেট কার ও মোবাইল ফোনসহ আটক ব্যক্তিকে এবং পলাতক আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। ভবিষ্যতেও এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।








