ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : নরসিংদীতে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা মো. হালিম মিয়াকে (৩৫) গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকালে নরসিংদী মডেল থানা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার মো. আশিকুর রহমান।
গ্রেফতার হালিম মিয়া নরসিংদী সদর উপজেলার বাসিন্দা।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার জানান, হালিম দুই বিয়ে করেছে। প্রথম স্ত্রীর এক ছেলে ও এক মেয়ে এবং দ্বিতীয় স্ত্রীরও এক ছেলে ও এক মেয়ে রয়েছে। দ্বিতীয় স্ত্রী জীবিকার তাগিদে প্রবাসে থাকেন। এ সুযোগে হালিম তার কিশোরী মেয়েকে দীর্ঘদিন ধর্ষণ করছিল। সেই সঙ্গে নিজ মোবাইল ফোনে ভিডিও ধারণ করে রাখত। বিষয়টি জানাজানি হওয়ার পর হালিম বাড়ি ছেড়ে পালায়। পরে ভুক্তভোগীর মামা গত ৪ সেপ্টেম্বর নরসিংদী মডেল থানায় মামলা দায়ের করেন।
তিনি জানান, মামলা দায়েরের পর হালিম দেশের বিভিন্ন এলাকায় পালিয়ে বেড়াচ্ছিল। তাকে গ্রেফতারে নরসিংদী, মুন্সিগঞ্জ ও সিলেটে অভিযান পরিচালনা করা হয়। তবে শেষ পর্যন্ত গত ১৭ সেপ্টেম্বর চট্টগ্রামের হাটহাজারীর মাইজভান্ডার দরবার শরীফ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
আশিকুর রহমান আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা স্বীকার করেছে হালিম। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজীব শাহরীন এবং নরসিংদী মডেল থানার ওসি এআর এম আল মামুন, ডিবি ওসি আবুল কায়েস উপস্থিত ছিলেন।








