ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : ডেঙ্গুর বিস্তার ঠেকাতে ঘরবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন।
শনিবার দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জের পাড়াগাঁও ঈদগাহ মাঠে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের প্রতিটি মানুষের সুস্বাস্থ্য নিশ্চিত করতে সরকার কাজ করছে। ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আঙিনা, ফুলের
র টব, পরিত্যক্ত টায়ারসহ যেসব স্থানে পানি জমে এডিস মশার বংশবিস্তার হতে পারে, সেসব স্থান নিয়মিত পরিষ্কার রাখতে হবে।
সম্মিলিতভাবে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা গেলে দেশে ডেঙ্গুর প্রকোপ অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব। প্রয়োজন হলে ডেঙ্গুর বিরুদ্ধে সবাইকে যুদ্ধের মতো করে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
এ সময় আগামী ২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ব্যাপক পরিসরে ভ্যাকসিন কার্যক্রম শুরুর কথা জানান স্বাস্থ্যমন্ত্রী। ছয় বছর বয়স পর্যন্ত শিশুদের বাড়ি থেকে এনে ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে রূপগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে এবং স্থানীয় বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের সহযোগিতায় ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। পাশাপাশি মুক্তিযোদ্ধাদের মাঝে বিনামূল্যে মেডিকেল হেলথ কার্ড বিতরণ করেন স্বাস্থ্যমন্ত্রী।
পরে পাড়াগাঁও ঈদগাহ মাঠের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন তিনি।
নারায়ণগঞ্জ-১ রূপগঞ্জ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম, নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুল, নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য মঞ্জুর এলাহী, নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ অঞ্চলের সংরক্ষিত আসনের সংসদ সদস্য মমতাজ বেগম এবং নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ।








