ফাইল ছবি
অনলাইন ডেস্ক : সিরাজগঞ্জের কাজিপুরে বালুবাহী ট্রাকের চাপায় বাদশা সরকার (৫০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী ও এক শিশুসহ তিনজন আহত হয়েছেন।
শুক্রবার (১৭ জুলাই) সকালে উপজেলার পাটাগ্রাম সড়কে আরআইএম ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মেঘাই এলাকা থেকে ছেড়ে আসা রায়গঞ্জগামী একটি বালুবাহী ট্রাক পাটাগ্রাম সড়কে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা দুটি ব্যাটারিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এ সময় ভ্যানচালক বাদশা সরকার ট্রাকের নিচে চাপা পড়েন।
খবর পেয়ে কাজিপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ট্রাকের নিচ থেকে বাদশা সরকারকে মৃত অবস্থায় উদ্ধার করেন। আহত তিনজনকে উদ্ধার করে কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।








