সম্প্রতি সামান্থা অভিনীত ‘মা ইন্টি বাঙ্গারাম’ সিনেমাটি বক্স অফিসে তুমুল ঝড় তুলেছে। ছবিটির ব্যাপক সাফল্যের পর আয়োজিত এক অনুষ্ঠানে প্রথমবারের মতো এই অভিনেত্রীর ‘বেবি বাম্প’ ভক্তদের নজরে আসে। পরবর্তীতে তিনি নিজেই গণমাধ্যমের কাছে মা হতে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
গর্ভকালীন এই সময়টি তাকে মানসিকভাবে আরও শক্তিশালী করে তুলেছে জানিয়ে সামান্থা বলেন, ‘আমি সবসময়ই জীবনের প্রতিটি বিষয় নিয়ে ভীষণ আবেগপ্রবণ ও উৎসাহী ছিলাম। কিন্তু এখন আমি নিজের ভেতরে অন্যরকম এক শক্তি ও নতুন জীবনের উদ্দেশ্য খুঁজে পাচ্ছি। আমি এই নতুন যাত্রাটির দিকে গভীর আগ্রহে তাকিয়ে আছি। প্রতিটি দিন নতুন কিছু শিখছি, মনটা এক অদ্ভুত কৃতজ্ঞতায় ভরে উঠছে এবং আগামীতে যা কিছু আসবে, তা সানন্দে গ্রহণ করার জন্য নিজেকে প্রস্তুত করছি।’
উল্লেখ্য, সামান্থা রুথ প্রভু এর আগে অভিনেতা নাগা চৈতন্যর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। ২০১৭ সালে গোয়ায় জাঁকজমকপূর্ণ আয়োজনে বিয়ে করলেও ২০২১ সালে তাদের বিচ্ছেদ ঘটে। অন্যদিকে নির্মাতা রাজ নিদিমোরু পূর্বে শ্যামলী দে-র সঙ্গে বিবাহিত ছিলেন।








