ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : সিরাজগঞ্জের সলঙ্গায় অভিযান চালিয়ে ৩০৬ বোতল নিষিদ্ধ সিরাপসহ দুজনকে গ্রেফতার করেছে র্যাব-১২। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাস এবং ১৪ হাজার টাকা জব্দ করা হয়।
বৃহস্পতিবার (৯ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর তাবরীজ তাজওয়ার শরীফ।
গ্রেফতার ব্যক্তিরা হলেন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মিলেরপাড়া এলাকার তহিদুল ইসলাম (৩৮) এবং মুসলিমনগর এলাকার রবিউল ইসলাম (৫৪)।
র্যাব জানায়, মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে সলঙ্গা থানার হরিণচড়া এলাকায় ঢাকা–রাজশাহী মহাসড়কের পাশে ফুড ভিলেজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালানো হয়। এ সময় একটি মাইক্রোবাস থেকে ২৬২ বোতল ফেয়ারডিল ও ৪৪ বোতল স্ক্যাফ সিরাপসহ মোট ৩০৬ বোতল নিষিদ্ধ সিরাপ উদ্ধার করা হয়। একই সঙ্গে দুজনকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।








