ফাইল ছবি
অনলাইন ডেস্ক : ফেনীর ছাগলনাইয়ায় পৃথক দুই অভিযানে ১ হাজার ৭০০ ইয়াবা ও ৮ লিটার চোলাই মদ জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)। এ সময় দুইজনকে আটক করা হয়।
ডিএনসি জানায়, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিজকুঞ্জরা এলাকায় চেকপোস্ট বসিয়ে অভিযান চালানো হয়। পরিদর্শক জীবন বড়ুয়ার নেতৃত্বে পরিচালিত এ অভিযানে কক্সবাজার থেকে ঢাকাগামী ‘ইস্কয়ার পরিবহন’ এর একটি বাসে তল্লাশি চালিয়ে মো. ইসলাম (৫০) নামে এক ব্যক্তির কাছ থেকে ১ হাজার ৭০০টি ইয়াবা উদ্ধার করা হয়। তিনি কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়া গ্রামের বাসিন্দা।
এ ঘটনায় পরিদর্শক জীবন বড়ুয়া বাদী হয়ে ছাগলনাইয়া থানায় মামলা করেন। মঙ্গলবার আসামিকে থানায় হস্তান্তর করা হয়।
এর আগে সোমবার বিকেলে ছাগলনাইয়ার দুমঘাট ব্রিজের উত্তর পাশে আরেকটি অভিযান চালায় ডিএনসির একটি দল। উপপরিদর্শক ইশতিয়াক হোসেনের নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে ৮ লিটার চোলাই মদসহ সাব্বির আহমদ সবুজ (৩২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে মামলা করে থানায় হস্তান্তর করা হয়।
ফেনী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল হামিদ বলেন, জেলায় মাদকের বিস্তার রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।








