ফাইল ছবি
অনলাইন ডেস্ক : কিশোরগঞ্জের ইটনায় রূপ মিয়া (৪০) নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রধান অভিযুক্ত শ্যামল মিয়াকে (৪০) আটক করেছে পুলিশ।
গতকাল রবিবার দুপুরে হাসপাতালে মারা যান রূপ মিয়া। তিনি এলংজুরী ইউনিয়নের নূরপুর গ্রামের আবদুল মোতালিবের ছেলে। আটক শ্যামল মিয়া একই গ্রামের চুন্নু মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে নূরপুর গ্রামের একটি দোকানে বসে ছিলেন রূপ মিয়া। এ সময় সেখানে তার সঙ্গে শ্যামল মিয়ার বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে শ্যামল ও তার সহযোগীরা রূপ মিয়াকে ছুরিকাঘাত করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
নিহতের পরিবারের সদস্যদের দাবি, শ্যামল মিয়া মাদক কারবারি। রূপ মিয়া একসময় শ্যামল মিয়ার সঙ্গে চলাফেরা করলেও কিছুদিন আগে তাদের সম্পর্কের অবনতি ঘটে। পরে তিনি শ্যামলের মাদক কারবারির বিরোধিতা শুরু করেন। এ কারণে শ্যামল তার ওপর ক্ষুব্ধ ছিলেন।
ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ খান বলেন, এ ঘটনায় প্রধান অভিযুক্ত শ্যামলকে আটক করা হয়েছে। হত্যাকাণ্ডের পেছনের কারণ এবং অন্য কেউ জড়িত আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। শ্যামলের বিরুদ্ধে চুরি ও মাদকসহ একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি।








