ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযানে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামি গ্রেফতার করেছে র্যাব।
আজ ভোরে টেকনাফ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
র্যাব-১৫ এর সহকারী পরিচালক আ ম ফারুক জানান, টেকনাফের সাবরাং ইউপির চৌধুরীপাড়া এলাকায় একটি সফল অভিযান চালিয়ে মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এবং দীর্ঘদিন ধরে পলাতক থাকা জাফর আলমকে (৪০) গ্রেফতার করা হয়। তিনি সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের মৃত শামসুল আলমের ছেলে।
এদিকে, ভোরে টেকনাফের হ্নীলা ইউপির ০৯ নম্বর ওয়ার্ডের দমদমিয়া এলাকায় অভিযান চালিয়ে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত খোরশেদ আলমকে (২৫) গ্রেফতার করা হয়। তিনি হ্নীলা ইউনিয়নের মো. সালামের ছেলে। যাবজ্জীবন কারাদণ্ড ছাড়াও তার বিরুদ্ধে বিশ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ০৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত রয়েছে।
আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।








