ছবি সংগৃহীত
বিনোদন ডেস্ক : গাড়ির যান্ত্রিক ত্রুটির অভিযোগে সাধারণত নির্মাতা প্রতিষ্ঠানের বিরুদ্ধেই আইনি পদক্ষেপ নিতে দেখা যায়। তবে এবার এক ভিন্ন ঘটনার সাক্ষী হলো ভারত। একটি গাড়ির সমস্যাকে কেন্দ্র করে আইনি লড়াইয়ে জড়িয়ে পড়েছেন বলিউডের দুই জনপ্রিয় তারকা শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন।
ভারতীয় গণমাধ্যমের খবরে জানা গেছে, রাজস্থানের বাসিন্দা কীর্তি সিং নামের এক আইনজীবী প্রায় ২৪ লাখ রুপি খরচ করে একটি হুন্ডাই আলকাজার এসইউভি কিনেছিলেন। কিন্তু গাড়িটি কেনার পর থেকেই একাধিক যান্ত্রিক সমস্যার সম্মুখীন হন তিনি।
অভিযোগ অনুযায়ী, গাড়ির ইঞ্জিনে অস্বাভাবিক কম্পন দেখা দিচ্ছিল। পাশাপাশি গতি বাড়ানোর সময় হঠাৎ শক্তি হারিয়ে ফেলত গাড়িটি। এমনকি অন্য গাড়িকে ওভারটেক করার সময়ও ইঞ্জিন ঠিকভাবে সাড়া না দেওয়ায় দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছিল।
কীর্তি সিংয়ের দাবি, এসব সমস্যা নিয়ে একাধিকবার হুন্ডাই কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেও সন্তোষজনক সমাধান পাননি। এরপরই তিনি আদালতের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নেন।
তবে মামলার সবচেয়ে আলোচিত দিক হলো, এতে শুধু গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানই নয়, ব্র্যান্ডটির বিজ্ঞাপনে অংশ নেওয়া বলিউড তারকা শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনকেও অন্তর্ভুক্ত করা হয়েছে।
আইনজীবীর যুক্তি, বিজ্ঞাপনের মাধ্যমে এই তারকারা পণ্যটির প্রতি মানুষের আস্থা তৈরিতে ভূমিকা রেখেছেন। তাদের জনপ্রিয়তা ও বিশ্বাসযোগ্যতার কারণেই অনেক ক্রেতা গাড়িটি কেনার সিদ্ধান্ত নেন। ফলে পণ্যের মান নিয়ে প্রশ্ন উঠলে ব্র্যান্ড অ্যাম্বাসেডরদেরও দায়বদ্ধতার বিষয়টি বিবেচনায় আসতে পারে।
ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুরু হয়েছে ব্যাপক আলোচনা। কেউ এই পদক্ষেপকে ভোক্তার অধিকার রক্ষার সাহসী উদ্যোগ হিসেবে দেখছেন, আবার কেউ মনে করছেন, যান্ত্রিক ত্রুটির জন্য অভিনেতাদের দায়ী করা বাস্তবসম্মত নয়।
আইন বিশেষজ্ঞদের মতে, ভোক্তা সুরক্ষা ও বিভ্রান্তিকর বিজ্ঞাপনসংক্রান্ত আইনের আওতায় ব্র্যান্ড অ্যাম্বাসেডরদের বিরুদ্ধে অভিযোগ আনা সম্ভব। তবে আদালতকে নির্ধারণ করতে হবে, এটি বিজ্ঞাপনের মাধ্যমে বিভ্রান্ত করার ঘটনা নাকি কেবল উৎপাদনগত ত্রুটির বিষয়। সাধারণত গাড়ির যান্ত্রিক সমস্যার দায় নির্মাতা প্রতিষ্ঠানের ওপরই বর্তায়।
এদিকে মামলাটি প্রকাশ্যে আসার পর নেটদুনিয়ায় নানা প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই বিষয়টিকে ব্যতিক্রমী ও নজিরবিহীন ঘটনা হিসেবে উল্লেখ করছেন।
এখন দেখার বিষয়, আদালত এই মামলায় কী সিদ্ধান্ত নেয়। তবে একটি গাড়ির যান্ত্রিক ত্রুটির অভিযোগে শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনের নাম মামলায় যুক্ত হওয়ায় ঘটনাটি এরই মধ্যেই ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।








