ফাইল ছবি
অনলাইন ডেস্ক : চট্টগ্রামের বোয়ালখালীতে ব্যাটারিচালিত রিকশাচালক আবদুল নবীকে (৫০) কোপানোর ঘটনায় রিগ্যান বিশ্বাস (৩৫) নামে এক হামলাকারীকে নগরী থেকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার দিবাগত রাতে মোগলটুলি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রিগ্যান বিশ্বাস বোয়ালখালীর কধুরখীল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বৈদ্য বাড়ির স্বপন বিশ্বাসের ছেলে। সে এলাকায় দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড ঘটিয়ে আসছিলো বলে জানিয়েছেন স্থানীয়রা।
তথ্যপ্রযুক্তির সহায়তায় ফাঁদ পেতে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন বোয়ালখালী থানার উপ-পরিদর্শক নিংওয়াই মারমা। তিনি বলেন, হামলার পরপরই রিগ্যান বিশ্বাস চরণদ্বীপ এলাকায় ছিনতাই করা রিকশাটি রেখে পালিয়ে যায়। রিগ্যান বিশ্বাস এ ঘটনায় জড়িত থাকার বিষয়টি প্রত্যক্ষদর্শী ও এলাকার সিসিটিভি ফুটেজ দেখে নিশ্চিত হওয়ার পর তাকে গ্রেফতারের জন্য পুলিশের একাধিক টিম মাঠে নামে।
শুক্রবার নগরীর মোগলটুলি এলাকায় রিগ্যান অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে ফাঁদ পাতা হয়। সেখান থেকে তাকে গ্রেফতার এবং স্বীকারোক্তি অনুযায়ী তার এক আত্মীয়ের বাসা থেকে ঘটনায় ব্যবহৃত ধারালো ধামাটি উদ্ধার করা হয়।
বোয়ালখালী থানার ওসি মাহফুজুর রহমান বলেন, ঘটনার সঙ্গে জড়িত মূল আসামি রিগ্যানকে গ্রেফতারের পর আদালতে পাঠানো হয়েছে। মামলার তদন্ত চলছে।
এর আগে বৃহস্পতিবার দিন দুপুরে কধুরখীল খোকার দোকান এলাকায় বোয়ালখালী পৌরসভার পূর্ব গোমদণ্ডী মুন্সিপাড়ার বাসিন্দা রিকশাচালক আবদুল নবীকে কুপিয়ে রিকশা নিয়ে পালিয়ে গিয়েছিলো রিগ্যান।
এ ঘটনায় শুক্রবার দিন আবদুল নবীর স্ত্রী রোজী আকতার বাদী হয়ে রিগ্যানকে প্রধান আসামি করে এবং অজ্ঞাত আরও একজনের বিরুদ্ধে বোয়ালখালী থানায় মামলা দায়ের করেন। গুরুতর আহত আবদুল নবী নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।








