ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : স্পেনের দক্ষিণাঞ্চলের শহর এল এহিডোতে গোলাগুলির ঘটনায় অন্তত দুইজন নিহত হয়েছেন। এ ছাড়াও চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুইজনের বয়স ১৮ বছরের কম বলে জানা গেছে। এ ঘটনায় একজন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) পুলিশ জানিয়েছে, সোমবার স্থানীয় সময় রাত ১১টায় আলমেরিয়ার নিকটবর্তী এল এহিডো শহরে গুলির ঘটনাটি ঘটে।সন্দেহভাজন একজনকে ইতোমধ্যেই গ্রেফতার করা হয়েছে। স্পেনের সিভিল গার্ড পুলিশ জানিয়েছে, নিহত দুইজনই সন্দেহভাজন বন্দুকধারীর আত্মীয়। তবে ঘটনার বিস্তারিত আর কিছু জানানো হয়নি। এই হামলার তদন্ত চলছে। গুলি চালানোর সম্ভাব্য কারণ উদঘাটনের চেষ্টা করা হচ্ছে।
একইদিনে, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ডিয়েগো শহরে একটি ইসলামিক কেন্দ্র ও ইসলামিক স্কুলে বন্দুক হামলায় তিনজন নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘৃণাজনিত অপরাধ হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হামলার পর দুই বন্দুকধারীকেও মৃত অবস্থায় পাওয়া গেছে।
সোমবার দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ইসলামিক সেন্টার অব সান ডিয়েগোতে (আইসিএসডি) এই হামলার ঘটনা ঘটে। সান ডিয়েগো পুলিশের প্রধান স্কট ওয়াল বলেন, ইসলামিক কেন্দ্রের অবস্থান বিবেচনায় আমরা এটিকে ঘৃণাজনিত অপরাধ হিসেবেই দেখছি, যতক্ষণ না ভিন্ন কিছু প্রমাণ পাওয়া যায়। তার ভাষ্য অনুযায়ী, হামলাকারী দুজনই পুরুষ এবং তাদের বয়স আনুমানিক ১৭ ও ১৯ বছর। প্রাথমিক তদন্তে দেখা গেছে, তারা আত্মঘাতী গুলিতে মারা গেছে।
নিহত তিনজনই প্রাপ্তবয়স্ক। তাদের একজন ইসলামিক কেন্দ্রটির নিরাপত্তারক্ষী ছিলেন। পুলিশ জানিয়েছে, ওই নিরাপত্তারক্ষীর দ্রুত পদক্ষেপের কারণে আরও বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে। ইসলামিক স্কুলে থাকা শিশুরা শারীরিকভাবে অক্ষত রয়েছে।
ঘটনার পর পুলিশ প্রথমে ‘অ্যাকটিভ শুটার’ সতর্কতা জারি করলেও পরে জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। হামলার পেছনের উদ্দেশ্য ও ঘটনার প্রেক্ষাপট জানতে তদন্ত চলছে। সূত্র: বিবিসি, রয়টার্স








