ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সৌদি আরবের লোহিত সাগর উপকূলের বন্দরগুলোতে হামলার হুমকি দিয়েছে। এর মধ্যে দেশটির গুরুত্বপূর্ণ বাণিজ্যিক বন্দর জেদ্দাও রয়েছে। ইয়েমেনের হুতি-নিয়ন্ত্রিত হোদেইদাহ প্রদেশের রাস ঈসা জ্বালানি টার্মিনালে সৌদি আরব হামলা চালিয়েছে- এমন অভিযোগ তুলে প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছে গোষ্ঠীটি।
রবিবার হুতিদের পরিচালিত টেলিভিশন চ্যানেল আল-মাসিরাহ জানায়, রাস ঈসা বন্দরে সৌদি হামলা হয়েছে। এর কিছুক্ষণ আগে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট ওই বন্দর এলাকার বেসামরিক নাগরিকদের নিরাপত্তার স্বার্থে সরে যাওয়ার আহ্বান জানায়। পরে জোটটি হুতি হামলার জবাবে ‘সামরিক পদক্ষেপ’ নেওয়ার কথা জানালেও রাস ঈসা বন্দরে হামলার বিষয়টি সরাসরি নিশ্চিত করেনি।
হুতিরা সৌদি আরবের লোহিত সাগর উপকূলের বন্দরগুলো থেকে জাহাজ সরিয়ে নিতে শিপিং কোম্পানিগুলোর প্রতি আহ্বান জানিয়েছে। একই সঙ্গে বন্দরগুলোর আশপাশে কর্মরত শ্রমিক ও বেসামরিক নাগরিকদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। জেদ্দা ছাড়াও সৌদি আরবের অন্যান্য লোহিত সাগর উপকূলীয় বন্দর তাদের সম্ভাব্য লক্ষ্যবস্তু বলে হুঁশিয়ারি দিয়েছে গোষ্ঠীটি।
এদিকে, একই দিনে মধ্যপ্রাচ্যের আরেক গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী ট্যাংকার সমুদ্রের মাইনে আঘাত পেয়ে আগুনে পুড়েছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী। তাদের দাবি, একটি ট্যাংকারে ২০ লাখ ব্যারেলের বেশি অপরিশোধিত তেল ছিল। জাহাজ দুটি হরমুজ প্রণালির ভেতরে মাইনে আঘাত পায়। তবে এসব ঘটনার স্বাধীন সত্যতা তাৎক্ষণিকভাবে যাচাই করা যায়নি।
ইরানের এই দাবির পর যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, হরমুজ প্রণালি দিয়ে চলাচলের জন্য কোনো জাহাজকে টোল দিতে হয় না। তবে ট্যাংকারে মাইন বিস্ফোরণের দাবি এবং ওই জলপথে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে।
সৌদি-হুতি সংঘাতের নতুন উত্তেজনা
সৌদি নেতৃত্বাধীন জোট রবিবার জানায়, হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ব্যবহৃত গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জাম ও স্থাপনা ধ্বংস করতে তারা অভিযান চালিয়েছে। এর আগে সৌদি আরবের রাজধানী রিয়াদের দিকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার কথাও জানায় জোটটি। ইয়েমেনের সাদা প্রদেশে হুতিদের একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণস্থল ধ্বংসের খবরও প্রকাশিত হয়েছে।
গত কয়েক দিনে সৌদি আরবের জ্বালানি অবকাঠামো ও বিমানবন্দর লক্ষ্য করে হামলার দাবি করেছে হুতিরা। তাদের দাবি, রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর, জাজান অঞ্চলের আরামকোর তেল শোধনাগার এবং কয়েকটি বিদ্যুৎকেন্দ্র ও গ্যাস স্থাপনায় হামলা চালানো হয়েছে। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা একাধিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। জাজান শোধনাগারে বৃহস্পতিবারের এক হামলায় নেপালের একজন কর্মী নিহত এবং কয়েকজন আহত হন।
২০১৪ সালে ইয়েমেনে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে হুতি বিদ্রোহীরা দেশটির রাজধানী সানা ও বড় একটি অংশ নিয়ন্ত্রণ করছে। ২০১৫ সালে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারকে সমর্থন দিতে সৌদি নেতৃত্বাধীন জোট সামরিক হস্তক্ষেপ শুরু করে। ২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হলেও চলতি বছরের জুলাইয়ে নতুন করে সংঘাত শুরু হয়।
তথ্য সূত্র- সিএনবিসি।








