ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : ভারতের তামিলনাড়ু রাজ্যের বিবাহিত পুরুষ সরকারি কর্মচারীদের জন্য ১৫ দিনের সবেতন পিতৃত্বকালীন ছুটি ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী সি. জোসেফ বিজয়। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এক সরকারি বিজ্ঞপ্তিতে এই যুগান্তকারী সিদ্ধান্তের কথা জানানো হয়।
সরকারি ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, পুরুষ কর্মচারীরা তাদের সন্তান জন্মের ১৫ দিন আগে অথবা সন্তান জন্মের তারিখ থেকে পরবর্তী ছয় মাসের মধ্যে এই ছুটি ভোগ করতে পারবেন।
বর্তমানে তামিলনাড়ু সরকারের নারী কর্মচারীরা ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি পেয়ে থাকেন। সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে এবার পুরুষ কর্মচারীদের জন্যও এই পিতৃত্বকালীন ছুটি চালু করা হলো।
সন্তান লালন-পালনের দায়িত্ব ভাগাভাগি করে নেওয়ার গুরুত্ব তুলে ধরে সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নারী সরকারি কর্মচারীদের ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেওয়ার বিধানটি মাতৃত্ব এবং শিশুর কল্যাণের প্রতি সরকারের গুরুত্বের প্রতিফলন। একইভাবে, পুরুষ সরকারি কর্মচারীদের পিতৃত্বকালীন ছুটি প্রদান করা হলে তা তাদের পারিবারিক দায়িত্ব ভাগ করে নিতে সাহায্য করবে এবং সন্তান বড় করার ক্ষেত্রে বাবার সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করবে।
এ বিষয়ে রাজ্যের মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগ থেকে জারি করা এক সরকারি আদেশে (জিও) জানানো হয়েছে, তিনটির কম জীবিত সন্তান রয়েছে এমন বিবাহিত পুরুষ সরকারি কর্মচারীরা স্ত্রীর সন্তান প্রসবকালীন সময়ে পূর্ণ বেতনে ১৫ দিনের এই পিতৃত্বকালীন ছুটি পাবেন। এই সংক্রান্ত বিধান কার্যকর করতে ‘তামিলনাড়ু ফান্ডামেন্টাল রুলস’-এ প্রয়োজনীয় সংশোধনী আলাদাভাবে জারি করা হবে বলেও আদেশে উল্লেখ করা হয়েছে।
সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন চিকিৎসক এবং সরকারি কর্মচারী সংগঠনগুলোর নেতারা। চেন্নাইয়ের এমজিএম হেলথকেয়ারের প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগের প্রধান এ. জয়শ্রী গজরাজ বলেন, পিতৃত্বকালীন ছুটি গর্ভাবস্থা, প্রসববেদনা এবং সন্তান জন্মদানের সময় থেকে শুরু করে প্রসব-পরবর্তী সময়েও বাবার সম্পৃক্ততা বাড়ায়। শুরু থেকেই বাবার এই অংশগ্রহণ মা-বাবা ও সন্তানের মধ্যে দৃঢ় বন্ধন তৈরি করতে এবং শিশু যত্নের দায়িত্ব ভাগাভাগি করে নিতে সহায়তা করে। তবে তিনি এই ছুটির মেয়াদ বাড়িয়ে এক মাস করার পরামর্শ দিয়েছেন।
চেন্নাইয়ের অ্যাপোলো স্পেশালিটি হাসপাতালের প্রসূতি, স্ত্রীরোগ ও প্রজনন মেডিসিন বিভাগের কনসালট্যান্ট পবিত্রা রামকৃষ্ণান বলেন, প্রসব-পরবর্তী সময়টি সন্তান জন্মদানের পর মায়ের শারীরিক সুস্থতা এবং নবজাতকের যত্নের সঙ্গে মানিয়ে নেওয়ার একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই সময়ে বাবার সহযোগিতা মাকে পর্যাপ্ত বিশ্রাম নেওয়ার সুযোগ করে দেয় এবং প্রসব-পরবর্তী বিষণ্ণতাসহ (পোস্ট-পার্টাম ডিপ্রেশন) নানা মানসিক জটিলতা মোকাবিলায় সাহায্য করে।
এ ছাড়া তামিলনাড়ু সরকারি কর্মচারী সমিতির রাজ্য সভাপতি আন্না কুবেরান এবং তামিলনাড়ু গ্রাম প্রশাসনিক কর্মকর্তা সমিতির রাজ্য সভাপতি আর. অরুলরাজও সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। আর. অরুলরাজ বলেন, এ বিষয়ে বিভিন্ন সময়ে সরকারের কাছে আবেদন জানানো হয়েছিল। যেসব কর্মচারী কাজের প্রয়োজনে পরিবার থেকে দূরে থাকেন, এই পিতৃত্বকালীন ছুটি তাদের জন্য বিশেষভাবে উপকারী হবে।
সূত্র: দ্য হিন্দু








