ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে একাধিক প্রোফাইল নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে টেক জায়ান্ট প্রতিষ্ঠান মেটা। মেটার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৪ ডিসেম্বরের পর অতিরিক্ত ফেসবুক প্রোফাইলগুলো স্থায়ীভাবে মুছে ফেলা হবে। তবে এটি ব্যবহারকারীর মূল ফেসবুক প্রোফাইলকে প্রভাবিত করবে না।
ব্যবহারকারী চাইলে তাদের অতিরিক্ত প্রোফাইলের তথ্য ডাউনলোড করে সংরক্ষণ করতে পারবেন। অতিরিক্ত প্রোফাইল কোনো গ্রুপ পরিচালনা করলে, সেই গ্রুপের প্রশাসনিক দায়িত্ব (অ্যাডমিন) মূল প্রোফাইলে হস্তান্তর করতে হবে। এ ছাড়া অতিরিক্ত প্রোফাইলের সঙ্গে যুক্ত ব্যক্তিদের মূল প্রোফাইলে যুক্ত করার সুযোগও থাকতে পারে। এ জন্য বন্ধু হিসেবে যুক্ত হওয়া, আবার গ্রুপে যোগ দেওয়া অথবা পেজ ফলো করতে পারবেন।
অতিরিক্ত প্রোফাইলের তথ্যের কপি ডাউনলোড
আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত অতিরিক্ত প্রোফাইলের তথ্য ডাউনলোড করা যাবে। ওই তারিখের পর ব্যবহারকারীদের অতিরিক্ত প্রোফাইল এবং এর সব তথ্য স্থায়ীভাবে মুছে ফেলা হবে। অতিরিক্ত প্রোফাইল থেকে সংগৃহীত কিছু তথ্য, যার মধ্যে বিজ্ঞাপন-সংক্রান্ত তথ্যও রয়েছে, কেবল ব্যবহারকারীর মূল প্রোফাইলের ফেসবুক তথ্য ডাউনলোড করার মাধ্যমেই পাওয়া যেতে পারে।
- যে অতিরিক্ত প্রোফাইলের তথ্য ডাউনলোড করতে চান, সেটিতে প্রবেশ করুন।
- সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে যান। এরপর সেটিংস নির্বাচন করুন।
- ইওর ইনফরমেশন অ্যান্ড পারমিশন্স ক্যাটাগরি থেকে এক্সপোর্ট ইওর ইনফরমেশন নির্বাচন করুন।
- ক্রিয়েট এক্সপোর্ট নির্বাচন করুন।
- এরপর আপনার অতিরিক্ত প্রোফাইলটি নির্বাচন করুন এবং তথ্য এক্সপোর্ট টু ডিভাইস (ডিভাইসে ডাউনলোড) করবেন, নাকি এক্সপোর্ট টু এক্সটার্নাল সার্ভিস (বাহ্যিক কোনো সেবায় পাঠাবেন), তা নিশ্চিত করুন।
- আপনি যে তথ্যগুলো ডাউনলোড করতে চান, সেগুলো নির্বাচন করে ক্রিয়েট এক্সপোর্ট চাপুন।
- তথ্য ডাউনলোডের জন্য প্রস্তুত হতে কিছুটা সময় লাগতে পারে। তাই নির্ধারিত সময়ের মধ্যে তথ্য হাতে পাওয়ার জন্য ১৪ ডিসেম্বরের আগেই ডাউনলোডের অনুরোধ করতে হবে। একাধিক অতিরিক্ত প্রোফাইল থাকলে প্রতিটি প্রোফাইলের
- তথ্য আলাদাভাবে ডাউনলোড করতে হবে।








