ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : মিরপুরে রূপনগর থানার প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর সময় মো. আশরাফুল ইসলাম (২৭) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের দাবি, আশরাফুল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সদস্য। এ সময় তার কাছ থেকে ককটেল জব্দ করা হয়।
গ্রেফতার আশরাফুলের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার ছোট আলীর চর এলাকায়। তার বাবার নাম হাবিবুর রহমান। তিনি রাজধানীর রূপনগরের সেকশন-৭-এর ঝিলপাড় বস্তিতে বসবাস করতেন। পেশায় তিনি প্রাইভেটকার চালক।
সোমবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. আকতার হোসেন এসব তথ্য জানান।
তিনি বলেন, গতকাল রোববার দিবাগত রাত ১টা ৪০ মিনিটের দিকে রূপনগর থানার প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর চেষ্টা করেন আশরাফুল। এ সময় পুলিশ তাকে ধাওয়া করে হাতেনাতে গ্রেফতার করে।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আশরাফুল জানিয়েছেন, স্থানীয় জসীম নামের এক আওয়ামী লীগ নেতার পরামর্শে তিনি থানার সামনে ককটেল নিক্ষেপ করেন। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে তদন্ত চলছে ।








