ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : রংপুরে গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা মামলায় প্রধান অভিযুক্ত শামীম মিয়াসহ ৫ জনকে গ্রেফতার করেছে এসআরবি। এরা হলো, নিহত গৃহবধূর স্বামী শামীম মিয়া (২৪), সাজু মিয়া (৫০), আফরোজা বেগম (৪৬), সাথী বেগম (২২) ও আমিনুল গাটিয়া (৬০)। মঙ্গলবার দিবাগত রাতে পঞ্চগড় ও লালমনিরহাটে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
আজ সকালে এ তথ্য জানান এসআরবি-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী।
এসআরবি জানায়, রংপুর গঙ্গাচড়া উপজেলার চিল্লানির মাজার এলাকার বাসিন্দা শামীম মিয়ার সাথে ২০২৪ সালে সুখী মনির বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর শামীম ও তার পরিবার দুই লাখ টাকা যৌতুকের জন্য সুখী মনির উপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ-মিমাংসা হয়।
গত ১১ সেপ্টেম্বর রাতে যৌতুকের দাবিতে শামীম ও তার পরিবারের লোকজন সুখী মনির উপর নির্যাতন শুরু করে। রাত দেড়টার সময় কোলকোন্দ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শরীফুল ইসলাম মোবাইল ফোনে সুখী মনির মৃত্যুর সংবাদ তার পরিবারকে জানায়। খবর পেয়ে পরিবারে লোকজন ঘটনাস্থলে পৌঁছে সুখী মনির গলায় আঘাতের কালো দাগ দেখতে পায়। এ ঘটনায় নিহতের মা রওশন বেগম বাদী হয়ে ১২ সেপ্টেম্বর গঙ্গাচড়া মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করে। এ নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হলে এসআরবি ছায়া তদন্ত শুরু করে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে পঞ্চগড় বোদা উপজেলার মালিপুকুরী গ্রামে অভিযান চালিয়ে সাথী বেগম ও আমিনুল গাটিয়াকে গ্রেফতার করে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার সকাল ৬টায় লালমনিরহাট কালিগঞ্জ উপজেলার কাশিরাম গ্রামে অভিযান চালিয়ে মামলার প্রধান অভিযুক্ত শামীম মিয়া, সাজু মিয়া ও আফরোজা বেগমকে গ্রেফতার করা হয়।
এসআরবি-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণে গঙ্গাচড়া থানায় হস্তান্তর করা হয়।








