ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : দিনাজপুরের পার্বতীপুর থেকে পরিত্যক্ত অবস্থায় ৯২ রাউন্ড গুলি জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শনিবার রাতে অভিযান চালিয়ে সেগুলো জব্দ করা হয়। র্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী গুলি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
র্যাব জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-১৩, রংপুর এর একটি দল শনিবার রাত ১১টা ৪৫ মিনিটে পার্বতীপুর উপজেলার রামপুর ইউনিয়নের বাসুপাড়া মোড়ের বদরগঞ্জ-পার্বতীপুর সড়কের ওপর মালিকবিহীন দুইটি ব্যাগের একটিতে ৫০ রাউন্ড এবং আরেকটিতে ৪২ রাউন্ডসহ সর্বমোট ৯২ (বিরানব্বই) রাউন্ড .২২ রিমফায়ার লং রাইফেলের গুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়।
বিপ্লব কুমার গোস্বামী আর জানায়, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত আলামত দিনাজপুর জেলার পার্বতীপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও অস্ত্র ও সন্ত্রাসের বিরুদ্ধে র্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।








