ফাইল ছবি
অনলাইন ডেস্ক : আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ের সামনের সড়কে রিকশায় থাকা শিল্পী বেগম (৪০) নামে এক নারীকে ছুরিকাঘাতে আহত করে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (১ মে) ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। শিল্পী বেগমের বাসা কাফরুল থানার ইব্রাহিমপুর এলাকায়, পুরাতন সোনালী ব্যাংক মোড় সংলগ্ন।
আহত অবস্থায় শিল্পী বেগমকে প্রথমে জাতীয় নিউরোসায়েন্স ইনস্টিটিউটে নেওয়া হয়। পরে সকাল ৬টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আহতের স্বামী ব্যবসায়ী আব্দুল হক জানান, তার মা মরিয়ম বেগম (৯৫) হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে গ্রামের বাড়ি থেকে রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতালে আনা হয়। সে সময় তার কাছে পর্যাপ্ত টাকা না থাকায় বাসা থেকে টাকা পাঠাতে বলেন। তার স্ত্রী শিল্পী বেগম ২৫ হাজার টাকা নিয়ে ব্যাটারিচালিত অটোরিকশায় করে হাসপাতালে আসছিলেন।
পথিমধ্যে নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে পৌঁছালে ৫-৬ জন ছিনতাইকারী রিকশার গতিরোধ করে তার ওপর হামলা চালায়। তারা তাকে হাতে-পায়ে কুপিয়ে আহত করে নগদ ২৫ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নিউরোসায়েন্স হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে শিল্পী বেগম ও তার অসুস্থ মাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে মরিয়ম বেগমকে ভর্তি করা হলেও প্রাথমিক চিকিৎসা শেষে শিল্পী বেগমকে বাসায় নেওয়া হয়েছে।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহত নারী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।








