ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : বিপুল পরিমাণ জাল টাকাসহ কারবারী চক্রের সদস্য নাইমুল ইসলাম ইশান (১৯) ও তার সহযোগী কেফায়েত উল্লাহ (১৯) কে রাজধানীর তুরাগ এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব।
শুক্রবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর তুরাগ থানাধীন ডলিপাড়া বাদলদী এলাকার একটি ভবনের ৪র্থ তলায় অভিযান চালিয়ে জালনোট কারবারী চক্রের সদস্য নাইমুল ইসলাম ইশান (১৯) ও কেফায়েত উল্লাহ (১৯)-কে গ্রেফতার করে র্যাব-৩।
গ্রেফতারের সময় তাদের হেফাজত হতে ৫০০ টাকা মূল্যমানের জাল নোট-৫০০৫টি এবং জালটাকা তৈরির কাজে ব্যবহৃত ল্যাপটপ-১টি, লেজার প্রিন্টিং ডায়েস-২টি, প্রিন্টার-১টি ও স্মার্টফোন-৩টি উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানায়, দীর্ঘদিন ধরে অবৈধভাবে বাংলাদেশি বিভিন্ন মূল্যমানের টাকার জালনোট প্রস্তুত করে তা ঢাকা মহানগরীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রয় করছেন তারা।
আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে জানিয়ে এসব প্রতারক চক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে র্যাব।








