অনলাইন ডেস্ক : রাজধানীর মিরপুরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টনের ব্যক্তিগত কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে দুইজন আহত হয়েছেন।
বুধবার সকাল ৮টার পর মিরপুর-১৩ নম্বরে বৃহত্তর ময়মনসিংহ সমিতি ভবনে এ হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, লাঠি, ইট-পাটকেল ও বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে ১০০ থেকে ১৫০ জনের একটি দল ভবনটিতে হামলা চালায়।
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ভবনের সামনের কাচের দেয়াল ভেঙে ফেলা হয়েছে। লিফটের চারপাশের ঘেরাওয়ের অংশও ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলাকারীরা ভবনের ভেতরে প্রবেশের চেষ্টা করলেও কাচের দরজার কারণে তা সম্ভব হয়নি বলে জানিয়েছেন কার্যালয়ের কর্মকর্তারা। ঘটনার পর ভবনের প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়। সেখানে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের অবস্থান করতে দেখা গেছে।
শফিকুল ইসলাম খান মিল্টনের কার্যালয়ের দপ্তর সম্পাদক মোহাম্মদ মামুন পাটোয়ারী জানান, গত এক সপ্তাহ ধরে বিভিন্ন গোয়েন্দা সূত্রে সম্ভাব্য হামলার বিষয়ে সতর্কবার্তা পাচ্ছিলেন তারা। এ কারণে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম খান মিল্টন ও সদস্য সচিবের নির্দেশনায় বিভিন্ন থানার নেতাকর্মীরা নিজ নিজ এলাকায় অবস্থান নেন। হামলার সময় তারাও ওই ভবনে ছিলেন।
মামুন পাটোয়ারীর ভাষ্য, সকাল ৮টা ৫৫ মিনিটের দিকে হঠাৎ ২০ থেকে ২৫ জন পুরুষ ও শতাধিক নারী সেখানে এসে হামলা চালান। এ সময় তারা ইট-পাটকেল ও দেশীয় অস্ত্র নিয়ে কার্যালয়ে থাকা ব্যক্তিদের ওপর আক্রমণ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে তারা সেখান থেকে সরে যান।
তিনি অভিযোগ করেন, হামলার বিষয়ে পুলিশকে জানানো হলেও অধিকাংশ ভাঙচুরের ঘটনা ঘটে যাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
মামুন পাটোয়ারীর দাবি, হামলার মূল লক্ষ্য ছিলেন শফিকুল ইসলাম খান মিল্টন। ভবনের আশপাশের অন্য স্থাপনার তুলনায় তাঁর কার্যালয়েই বেশি ভাঙচুর চালানো হয়।








