ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রথম ধাপে আগামী ২১ জানুয়ারি দেশের ১৩১ উপজেলার ১ হাজার ২৬টি ইউপিতে ভোট অনুষ্ঠিত হবে। প্রথম ধাপের এই নির্বাচনের ৫০ দিন বা এর কিছু সময় আগে-পরে তফসিল ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে আয়োজিত এক ব্রিফিংয়ে এমনটা জানিয়েছেন তিনি।
ইসি সানাউল্লাহ বলেন, প্রথম ধাপে ১৩১ উপজেলার ১ হাজার ২৬টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। পাশাপাশি দ্বিতীয় ধাপে ১২৯ উপজেলার ১ হাজার ১০০টি ইউনিয়নে, তৃতীয় ধাপে ১১৮ উপজেলার ১ হাজার ইউনিয়নে, চতুর্থ ধাপে ৯৩ উপজেলার ৭৯৩ ইউনিয়নে এবং পঞ্চম ধাপে ৩৭ উপজেলার ৩৫০ ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
তফসিল ঘোষণা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন বা এর কিছু সময় আগে-পরে তফসিল ঘোষণা করা হতে পারে। এ ক্ষেত্রে জেলা নির্বাচন কর্মকর্তারা তফসিল ঘোষণা করবেন।
ইসি সানাউল্লাহ বলেন, আগামী বৃহস্পতিবারের (১৯ নভেম্বর) মধ্যে আসন্ন ইউনিয়ন পরিষদের চূড়ান্ত তারিখ ঘোষণা করা হবে। এ ছাড়া নির্বাচন ঘিরে আগামী ১০ ডিসেম্বরের মধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু হবে। প্রাথমিকভাবে তিন ধাপে এই সংলাপ অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, নির্বাচন কমিশনের প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী প্রথম ধাপে ২০২৭ সালের ২১ জানুয়ারি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। পাশাপাশি দ্বিতীয় ধাপে একই বছরের ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে আগামী বছরের ২৭ মে ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।








