ফাইল ছবি
অনলাইন ডেস্ক : নোয়াখালীর চাটখিলে শিশুদের ফুটবল খেলার সময় এক নারীর গায়ে বল লাগাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধে মীর হোসেন (৭০) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে থানায় হত্যা মামলা করেছেন। এরইমধ্যে পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে।
শনিবার (১৪ নভেম্বর) সকালে নিহতের ছেলে মো. আলমগীর বাদী হয়ে চাটখিল থানায় মামলাটি দায়ের করেন। এর আগে শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার হাটপুকুরিয়া ঘাটলাবাগ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বক্তারপুর গ্রামের মুন্সি মিয়া চৌকিদার বাড়িতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মীর হোসেনের নাতি ইয়াসিন বাড়ির পাশে কয়েকজন শিশুকে নিয়ে ফুটবল খেলছিল। এ সময় ফয়সালের মা রওশন আরা মাঠের মাঝখান দিয়ে যাওয়ার সময় তার গায়ে বল লাগে। এতে ক্ষুব্ধ হয়ে তিনি শিশুদের বল নিয়ে বাড়িতে চলে যান। পরে হাবীব বল আনতে গেলে তিনি বল ফেরত দেননি। একপর্যায়ে হাবীব বলের পরিবর্তে তাদের একটি পানির বালতি নিয়ে চলে যায়। এ নিয়ে হাবীবের মা ছেলেকে বকাঝকা করে বালতি ফেরত দিয়ে বল আনতে গেলে রওশন আরার সঙ্গে তার কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়।
পরে ফয়সালের স্ত্রী মুঠোফোনে তার স্বামীকে বিষয়টি জানান। একপর্যায়ে ফয়সাল ৭-৮ জনকে সঙ্গে নিয়ে হাবীবদের পরিবারের সদস্যদের ওপর হামলা চালান। এ সময় নাতি ও পরিবারের অন্য সদস্যদের রক্ষা করতে এগিয়ে গেলে ফয়সাল মীর হোসেনকে মারধর করে মাথায় লাঠি দিয়ে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চাটখিল থানার ওসি মো. আবদুল মোন্নাফ বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। ময়নাতদন্তের জন্য মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের ছেলের দায়ের করা হত্যা মামলায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।








