ফাইল ছবি
অনলাইন ডেস্ক : চলতি বছরের এইচএসসি ও সমমানের সাপ্লিমেন্টারি পরীক্ষায় ৩১ বিষয়ে মোট ৩ লাখ ৮৭ হাজার ৫৯৩টি আবেদন জমা পড়েছে। এতে আবেদন করেছেন ১০টি শিক্ষা বোর্ডের ১ লাখ ৫৮ হাজার ২৬৮ জন শিক্ষার্থী। এখনো একটি শিক্ষা বোর্ডের তথ্য পাওয়া যায়নি।
শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামান।
তিনি বলেন, ‘এইচএসসি ও সমমানের সাপ্লিমেন্টারি পরীক্ষার জন্য ১০টি শিক্ষা বোর্ডে ১ লাখ ৫৮ হাজার ২৬৮ জন শিক্ষার্থী আবেদন করেছেন। সাধারণ, বাণিজ্য ও বিজ্ঞান বিভাগ মিলে মোট ৩১ বিষয়ে ৩ লাখ ৮৭ হাজার ৫৯৩টি আবেদন পড়েছে। এখনো একটি শিক্ষা বোর্ডের তথ্য পাইনি। ওই বোর্ডকে তথ্য দিতে বলা হয়েছে।’
চলতি বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় রেকর্ডসংখ্যক শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। ১১টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেন ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন। তাঁদের মধ্যে পাস করেছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। অকৃতকার্য হয়েছেন ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন। গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ।
অকৃতকার্য শিক্ষার্থীদের মধ্যে এক ও দুই বিষয়ে ফেল করেছেন ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন। ফল প্রকাশের দিন গত ৩১ অক্টোবর শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন জানিয়েছিলেন, এসব শিক্ষার্থীর পুনরায় পরীক্ষা আগামী এক মাসের মধ্যে নেওয়া হবে।
শিক্ষামন্ত্রীর ঘোষণার পর সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ১ ডিসেম্বর থেকে পরীক্ষা শুরু হয়ে চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। এর আগে গত ৫ নভেম্বর থেকে পরীক্ষার আবেদন গ্রহণ শুরু হয়, যা চলে ৯ নভেম্বর পর্যন্ত।








