ফাইল ছবি
অনলাইন ডেস্ক : টঙ্গীতে গত এক মাস ১০ দিনে বিভিন্ন মামলার আসামি, ছিনতাইকারী ও মাদক কারবারিসহ প্রায় ৫০০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে টঙ্গী পূর্ব থানায় ২০ আগস্ট থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ৪১৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
টঙ্গী পূর্ব থানার পুলিশ জানায়, এ সময়ে ৫৮ জন ছিনতাইকারী ও ৩৬ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত ১৪২ জন এবং অন্যান্য মামলায় ১৮৩ জনকে গ্রেফতার করা হয়।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকছুদুল আলম বলেন, বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান এবং মামলার আসামিদের গ্রেফতারে অভিযান চালিয়ে ৪১৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
অন্যদিকে টঙ্গী পশ্চিম থানার ওসি আরিফুর রহমান বলেন, গত দুই মাসে তার থানায় ৪৯ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৫টি মামলা হয়েছে।
তিনি বলেন, মাদক ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।








