ফাইল ছবি
অনলাইন ডেস্ক : চুয়াডাঙ্গার দামুড়হুদায় ফুটপাতে দোকান বসানো নিয়ে বিরোধের জেরে লোহার শিকের আঘাতে মধু মিয়া (৬০) নামের এক ভ্রাম্যমাণ ফল বিক্রেতা নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার কার্পাসডাঙ্গা বাজারে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় কার্পাসডাঙ্গা বাজারের মুচির বটতলায় ফুটপাতে দোকান বসানো নিয়ে সবজি বিক্রেতা মামুন হোসেনের সঙ্গে মধু মিয়ার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হলে মামুন হাতে থাকা লোহার শিক মধু মিয়ার বুকে ঢুকিয়ে দেন বলে অভিযোগ।
এতে মধু মিয়া রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে যান। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. শামসুজ্জোহা তাকে মৃত ঘোষণা করেন।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহ উদ্দিন বলেন, ফুটপাতে সবজি ও ফল বিক্রি নিয়ে বিরোধের একপর্যায়ে মধু মিয়া আহত হন বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।








