ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : কুমিল্লায় কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে অভিযান চালিয়ে আরও ৩৭৯ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা থেকে মধ্যরাত পর্যন্ত জেলার ১৮টি থানার সব ইউনিট ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ একযোগে এ অভিযান পরিচালনা করে। এর আগে তিন দফা অভিযান চালিয়ে কুমিল্লা মহানগরীসহ ১৮ থানা থেকে ১২৯৪ জনকে আটক করা হয়।
আজ সকালে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ জানায়, যেসব এলাকায় কিশোর গ্যাংয়ের উৎপাত রয়েছে এমন চিহ্নিত স্থান, আড্ডাস্থল ও অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সরাসরি অংশ নেন।
অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান বলেন, অভিযানে আটক ৩৭৯ জনের বিরুদ্ধে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে তাদের সম্পৃক্ততা রয়েছে কি না, তা যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই-বাছাই শেষে অপরাধের সঙ্গে সম্পৃক্ততা পাওয়া গেলে এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরও বলেন, উঠতি বয়সী কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়া ঠেকাতে নিয়মিত জেলা পুলিশের এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। কিশোর অপরাধ নিয়ন্ত্রণে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।








