ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী আইয়ুবকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে রেলওয়ে স্টেশনে ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।
তদন্ত কমিটিতে রয়েছেন পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা, পাকশী বিভাগীয় চিকিৎসক কর্মকর্তা, পাকশী বিভাগীয় সংকেত ও টেলি যোগাযোগ প্রকৌশলী, পাকশী কমান্ড্যান্ট রেলওয়ে নিরাপত্তা বাহিনী।
এরআগে একই ঘটনাকে কেন্দ্র করে এনআরবির চার সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তারা হলেন আরিফ হোসেন, রোকন উদ্দিন, শফিকুল ইসলাম, শাহাদত হোসেন। রবিবার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাতে এনআরবির চিফ কমান্ড্যান্ট মোহা. আশাবুল ইসলাম সই করা এক দপ্তরাদেশে রাজশাহীতে রেলওয়ে স্টেশনে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে বাংলাদেশ রেলওয়ের চারজনকে সাময়িক বরখাস্ত করা হয়।
রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও টিটিরা মারধরের ঘটনায় স্টেশন ঘেরাও করে শিক্ষার্থীরা। অবরোধ করায় ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের যাত্রা বাতিল করে রেল কর্তৃপক্ষ। তবে সোমবার (২১ সেপ্টেম্বর) রাজশাহী থেকে অন্য সব রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। সকাল থেকে বিভিন্ন রুটে সঠিক সময়ে ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে।
বিষয়টি রাজশাহী পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক আহম্মদ হোসেন মাসুমের ফোনে একাধিবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। তবে নাম প্রকাশ না করার শর্তে রেলওয়ের এক কর্মকর্তা তদন্ত কমিটির বিষয়টি নিশ্চিত করেছেন।








