ফাইল ছবি
অনলাইন ডেস্ক : ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের আওতায় আশুলিয়া রোডে বিদ্যমান গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের টাই-ইনের জন্য ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। আগামীকাল শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে পরদিন শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত এসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। একই সময়ে আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।
আজ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৮ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ১৯ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত আশুলিয়া বাজার থেকে বাইপাইল পর্যন্ত সড়কের উভয় পাশের এলাকা, ঢাকা ইপিজেড, মালঞ্চ পাওয়ার প্ল্যান্ট, বেক্সিমকো ডিআরএস (বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স), কাশিমপুর, সারদাগঞ্জ, হাজী মার্কেট, শ্রীপুর, চন্দ্রা, চন্দ্রা মোড়, নবীনগর, সাভার টাউন, সাভার ক্যান্টনমেন্ট, উলাইল, ব্যাংক টাউন, সাভার রেডিও কলোনি, কলমা, দোসাইদ, কুমকুমারী, আক্রান, চারাবাগ, বড় আশুলিয়া, টঙ্গাবাড়ী, কাঠগড়া, জিরাবো, গাজীরচট, নয়াপাড়া ও দেওয়ান ইদ্রিস সড়কের উভয় পাশের এলাকায় গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।
এছাড়া নয়ারহাট, বলিভদ্রপুর, পল্লীবিদ্যুৎ, ডেন্ডারবর, ভাদাইল, লতিফপুর, মানিকগঞ্জ ও তৎসংলগ্ন এলাকাতেও সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের কারণে এসব এলাকায় সাময়িকভাবে গ্যাস সরবরাহ বন্ধ রাখার পাশাপাশি আশপাশের এলাকাতেও স্বল্পচাপ দেখা দিতে পারে। সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।








