আসাদ হোসেন রিফাতঃ : নীলফামারীর ডিমলা সীমান্তে অভিযান চালিয়ে ২১ পিস ইয়াবা, নগদ ১ লাখ ৫২ হাজার টাকা এবং একটি মোটরসাইকেলসহ সীমান্ত এলাকার মূল মাদক কারবারি মোঃ মোস্তাকিমকে (৪০) গ্রেপ্তার করেছে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বালাপাড়া ইউনিয়নের তেলিয়াপাড়া মোড় থেকে তাকে হাতেনাতে আটক করা হয়। গ্রেপ্তারকৃত মোস্তাকিম ডিমলা থানার তেলিয়াপাড়া গ্রামের মোঃ সবুর উদ্দিনের ছেলে।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৫১ বিজিবির অধীনস্থ থানারহাট বিওপির হাবিলদার মোঃ আলী ওসমানের নেতৃত্বে একটি বিশেষ টহল দল তেলিয়াপাড়া মোড়ে অবস্থান নেয়। মাদক চক্রের উপস্থিতি টের পেয়ে বিজিবি সদস্যরা ঘেরাও করলে পালানোর চেষ্টাকালে মোস্তাকিমকে আটক করা হয়। পরে তার সাথে থাকা ব্যাগ ও দেহ তল্লাশি করে ২১ পিস ইয়াবা, ১ লাখ ৫২ হাজার নগদ টাকা, দুটি স্মার্টফোন এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়। জব্দকৃত আলামতের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৪০ হাজার ১০০ টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোস্তাকিম স্বীকার করেছে, সে দীর্ঘদিন ধরে ওই অঞ্চলে মাদক সিন্ডিকেট পরিচালনা করে আসছিল। এ সময় তার সাথে থাকা আরও দুই সহযোগী পালিয়ে যায়। পলাতকরা হলো— ঝাড়সিংহেশ্বর এলাকার মোঃ মোকলেস হোসেন এবং মোঃ জহির উদ্দিন (জুয়েল)।
রংপুর ব্যাটালিয়নের (৫১ বিজিবি) অধিনায়ক জানান, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান বন্ধে বিজিবির ‘জিরো টলারেন্স’ নীতি অনুযায়ী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আটক আসামিকে আলামতসহ ডিমলা থানায় হস্তান্তর করা হয়েছে এবং পলাতক দুই সহযোগীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।








