ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : মুন্সীগঞ্জ সদর উপজেলার জোড়পুকুরপাড় এলাকায় অভিযান চালিয়ে ৬০০ পিস ইয়াবাসহ জিল্লুর রহমান (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার রাত ৭টার দিকে সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের জোড়পুকুরপাড় এলাকার বড়বাড়ি মোড়ের তামিম স্টোরের সামনে পাকা সড়কে এ অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই কামরুল হাসান পিপিএমের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় জিল্লুর রহমানকে আটক করে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতার জিল্লুর রহমান মুন্সীগঞ্জের কাগজীপাড়া এলাকার মৃত আক্তার হোসেনের ছেলে। তিনি বর্তমানে জোড়পুকুরপাড় এলাকায় গিয়াসউদ্দিনের মেয়ের জামাই সজিব মিয়ার পাঁচতলা ভবনের তৃতীয় তলার একটি বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন বলে জানিয়েছে পুলিশ।
মুন্সীগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে চলমান অভিযান আরও জোরদার করা হবে। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।








