ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : ২০২৬ ফিফা বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নামতে যাচ্ছে আর্জেন্টিনা। বিশ্বকাপ-পরবর্তী প্রথম ফিফা উইন্ডোতে ঘরের মাঠে তিনটি প্রীতি ম্যাচ খেলবে আলবিসেলেস্তেরা।
সোমবার আর্জেন্টিনার সংবাদমাধ্যম ওলে এ তথ্য জানিয়েছে।
আগামী ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত চলবে ফিফা উইন্ডো। এর মধ্যে ৩০ সেপ্টেম্বর কর্ডোবায় বলিভিয়ার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। এরপর ৩ অক্টোবর বুয়েনস এইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বুরকিনা ফাসো এবং ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে মাঠে নামবে বিশ্বকাপের রানার্সআপরা।
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন মঙ্গলবার দুপুরে প্রতিপক্ষ, ম্যাচের দিন ও ভেন্যু আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে। তবে এর আগে ম্যাচগুলো ফিফার ‘ক্লাস এ’ স্বীকৃতি পাবে কি না, তা নিশ্চিত হতে হবে। এ বিষয়ে ফিফার সিদ্ধান্ত মঙ্গলবার সকালে আসার কথা।
ম্যাচগুলো ‘ক্লাস এ’ স্বীকৃতি পেলে বিশ্বকাপের ফাইনালের পর সংঘর্ষের ঘটনায় নিষিদ্ধ লিয়ান্দ্রো পারেদেস, নাহুয়েল মোলিনা ও থিয়াগো আলমাদা এসব ম্যাচে তাঁদের নিষেধাজ্ঞা কাটাতে পারবেন। একই সঙ্গে ম্যাচগুলোর ফল ফিফা র্যাঙ্কিংয়ে প্রভাব ফেলবে এবং খেলোয়াড়দের জাতীয় দলের পরিসংখ্যানেও যুক্ত হবে।
বিশ্বকাপের দলে জায়গা না পাওয়া কয়েকজন তরুণ খেলোয়াড়কেও এই ম্যাচগুলোতে সুযোগ দিতে পারেন কোচ লিওনেল স্কালোনি। ২২ বা ২৩ সেপ্টেম্বর এজেইজা ক্যাম্পে দলের অনুশীলন শুরু হতে পারে।
তবে প্রীতি ম্যাচগুলোর আগে স্কালোনির ভবিষ্যৎ নিয়েই আর্জেন্টিনা শিবিরে সবচেয়ে বেশি আলোচনা। বিশ্বকাপের পর থেকেই জাতীয় দলের দায়িত্বে তিনি থাকবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন চায়, ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত স্কালোনিই দায়িত্বে থাকুন। তাঁকে বিষয়টি জানানো হলেও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত দেননি আর্জেন্টাইন কোচ।
স্কালোনিকে সিদ্ধান্ত নেওয়ার জন্য কোনো ধরনের চাপ দিতে চায় না এএফএ। বরং তাঁর ঘনিষ্ঠজনদের সঙ্গে কথা বলে পরিস্থিতি বোঝার চেষ্টা করছে সংস্থাটি। কোচিং স্টাফের বেশির ভাগ সদস্যই স্কালোনির সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার বিষয়ে ইতিবাচক। তবে শেষ সিদ্ধান্ত নিতে হবে স্কালোনিকেই।
এর মধ্যে আর্জেন্টাইন সমর্থকদের আগ্রহের কেন্দ্রে রয়েছেন লিওনেল মেসি। গত মাসের শেষ দিনে অবসরের ঘোষণা দেওয়া এই আর্জেন্টাইন মহাতারকাকে শেষবার জাতীয় দলের আকাশি-সাদা জার্সিতে মাঠে দেখতে চান ভক্তরা। বলিভিয়া, বুরকিনা ফাসো কিংবা বেনিনের বিপক্ষে তিন ম্যাচের কোনো একটিতে মেসি খেলবেন কি না, এখন সেটিই বড় প্রশ্ন।








