ছবি সংগৃহীত
শোবিজ ডেস্ক :বলিউডের পর্দায় তার নাচ মানেই কোটি দর্শকের হৃৎস্পন্দন বেড়ে যাওয়া। অথচ ক্যারিয়ারের শুরুর দিনগুলোতে এই নাচের জন্যই চরম কটূক্তি ও কঠোর সমালোচনার মুখোমুখি হতে হয়েছিল ক্যাটরিনা কাইফকে। এমনকি ইন্ডাস্ট্রির এক জ্যেষ্ঠ কোরিওগ্রাফার তাকে সরাসরি বলে বসেছিলেন— তিনি নাচে একেবারে ‘জিরো’ এবং তার নাচ ছেড়ে দেওয়া উচিত।
সম্প্রতি এক পডকাস্টে বলিপাড়ার জনপ্রিয় কোরিওগ্রাফি জুটি বস্কো-সিজার এবং ফারাহ খানের খোলামেলা আড্ডায় ক্যাটরিনার ক্যারিয়ারের শুরুর দিকের এই অবিশ্বাস্য ও অজানা তথ্য প্রকাশ্যে আসে।
পডকাস্টটিতে কাজ নিয়ে আলোচনার একপর্যায়ে ২০১০ সালের আলোচিত চলচ্চিত্র ‘টিস মার খান’-এর আইকনিক গান ‘শিলা কি জওয়ানি’র প্রসঙ্গ তোলেন ফারাহ খান। ফারাহ জানান, ক্যাটরিনার সঙ্গে যখন তিনি প্রথম কাজ করেন, তখন নৃত্যশিল্পী হিসেবে তার তেমন কোনো বিশেষ খ্যাতি ছিল না। ২০০৫ সালে ‘ম্যায়নে পেয়ার কিউ কিয়া’ সিনেমার ‘জাস্ট চিল’ গানে ফারাহর সঙ্গে প্রথম কাজ করেন ক্যাটরিনা। এর আগে ‘টাচ মি, টাচ মি’-র মতো জনপ্রিয় গানে তাকে দেখা গেলেও নাচে পারদর্শী হিসেবে তখনো তিনি নিজেকে মেলে ধরতে পারেননি।
ঠিক তখনই ক্যাটরিনার কঠোর পরিশ্রমের পেছনের গল্প তুলে ধরে কোরিওগ্রাফার বস্কো মার্টিস বলেন, তার জীবনের অনেক গল্প রয়েছে যেখানে তিনি নিরলস পরিশ্রম করেছেন। একবার এক কোরিওগ্রাফার ক্যাটরিনাকে উদ্দেশ করে বলে বসেছিলেন— ‘তুমি নাচে একদম জিরো, তোমার বরং নাচ ছেড়ে দেওয়া উচিত।’ বস্কো মনে করেন, এই তিক্ত মন্তব্যটি হয়তো ক্যাটরিনার মনে গভীরভাবে রেখাপাত করেছিল এবং পরবর্তীতে এটিই তার সেরাটা নিংড়ে দেওয়ার বড় অনুপ্রেরণা বা জেদে পরিণত হয়েছিল।
তবে বস্কোর এই কথা শুনে ফারাহ খান সহানুভূতি প্রকাশ করে জানান, ক্যাটরিনা কখনোই নাচে একদম ‘জিরো’ ছিলেন না। ফারাহর মতে, শুরুতে হয়তো তিনি ৪ বা ৫ পাওয়ার মতো অবস্থানে ছিলেন, কিন্তু ‘শিলা কি জওয়ানি’ গানটির পর তিনি একলাফে ৯ বা ১০-এ পৌঁছে যান। সেই ঐতিহাসিক সাফল্যের পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি ক্যাটরিনাকে। একে একে দর্শকরা উপহার পান ‘চিকনি চামেলি’ কিংবা ‘কালা চশমা’-র মতো অলটাইম ব্লকবাস্টার সব ড্যান্স নম্বর, যা তাকে বলিউডের শীর্ষস্থানীয় নৃত্যশিল্পীদের কাতারে স্থায়ী আসন এনে দেয়।
ব্যক্তিগত জীবনের ইতিবাচক পরিবর্তনের কারণে গত দুটি বছর রুপালি পর্দা থেকে খানিকটা দূরত্ব বজায় রেখেছেন এই তারকা। ২০২৫ সালের নভেম্বরে স্বামী ভিকি কৌশল ও ক্যাটরিনার ঘর আলো করে আসে তাদের পুত্রসন্তান বিহান। মাতৃত্বকালীন ছুটির কারণে তিনি বর্তমানে কাজ থেকে কিছুটা বিরতিতে রয়েছেন।
ক্যাটরিনাকে সর্বশেষ ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত শ্রীরাম রাঘবনের থ্রিলার সিনেমা ‘মেরি ক্রিসমাস’-এ প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল, যেখানে তার বিপরীতে ছিলেন দক্ষিণ ভারতীয় তারকা বিজয় সেতুপতি। বহুল প্রশংসিত এই চলচ্চিত্রটি বর্তমানে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে দর্শকরা উপভোগ করতে পারছেন। সূত্র: এনডিটিভি








