ফাইল ছবি
অনলাইন ডেস্ক : দারুসসালামে নিজ বাসায় এক নারী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় অস্ত্রসহ তিনজনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৪)। এ ঘটনায় বিভিন্ন আলামতও উদ্ধার করা হয়েছে।
রবিবার সকালে র্যাব-৪ থেকে পাঠানো এক বার্তায় এতথ্য নিশ্চিত করা হয়।
শনিবার (৫ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে দারুস সালাম থানাধীন মাতবরবাড়ি মসজিদ গলি এলাকায় এ ঘটনা ঘটে। পরে গুলিবিদ্ধ অবস্থায় জেসমিনকে উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাত ১০টা ৫০ মিনিটের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।
এ দিকে র্যাব জানিয়েছে, এ ঘটনায় অস্ত্রসহ তিনজনকে গ্রেফতার এবং আলামত উদ্ধারের বিষয়ে রবিবার (৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় র্যাব মিডিয়া সেন্টার, কাওরান বাজারে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে। ব্রিফ করবেন র্যাব-৪-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান। সংবাদ সম্মেলনে গুলির ঘটনায় গ্রেফতার ও উদ্ধার হওয়া আলামতসহ বিস্তারিত তথ্য তুলে ধরা হবে।
র্যাব সূত্রে জানা যায়, দারুস সালামে গুলির ঘটনা পারিবারিক বিরোধের জেরে। স্ত্রীকে গুলি করেন স্বামী আব্দুল মান্নান। ১টি পিস্তল, দুই রাউন্ড গুলিসহ স্বামী আব্দুল মান্নান, ছেলে ও ছেলের বন্ধুকে গ্রেফতার করে র্যাব।








