ফাইল ছবি
অনলাইন ডেস্ক : গাজীপুরের টঙ্গীতে দুর্বৃত্তরা এক যুবককে বাসা থেকে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার দিবাগত রাত পৌঁনে ১২টার দিকে গোপালপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নূরুল ইসলাম শ্রীপুর উপজেলার টেপিরবাড়ি এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে। তিনি গোপালপুরে ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকতেন।
পুলিশ জানায়, পূর্ব বিরোধের জেরে রাত ৮টার দিকে বাসা থেকে নূরুলকে ডেকে নিয়ে যান স্থানীয় কয়েকজন যুবক। এরপর গভীর রাতে ওই এলাকার একটি বালুর মাঠে তার দুই পায়ের রগ কেটে গুরুতর আহত করা হয়। পরে তাকে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মাহমুদ ইকবাল হাফিস নোমানি বলেন, ‘রাত ১২টা ৪৫ মিনিটের দিকে এক যুবককে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। পরে পরীক্ষা করে তার পালস-প্রেসার পাওয়া যায়নি। শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন দেখতে পাই। বিশেষ করে পায়ের নিচের দিকে ভারী কিছু দিয়ে আঘাতের চিহ্ন দেখতে পাই। সেখান থেকে রক্তক্ষরণ হচ্ছিল। অভ্যন্তরীণ রক্তক্ষরণের কারণেই তার মৃত্যু হতে পারে।
এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ রাতেই জিসান নামের এক যুবককে আটক করে।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদ আলম বলেন, এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।








