ছবি সংগৃহীত
স্পোর্টস ডেস্ক : নারী টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন ভারতের অলরাউন্ডার দীপ্তি শর্মা। থাইল্যান্ডের স্পিনার টিপাচা পুটায়ংকে পেছনে ফেলে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখন সর্বোচ্চ উইকেটশিকারি তিনি।
রবিবার উইমেনস এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে এই কীর্তি গড়েন দীপ্তি। ম্যাচ শুরুর আগে পুটায়ংয়ের উইকেট ছিল ১৬৯টি, আর দীপ্তির ১৬৮টি।
থাইল্যান্ডের ইনিংসে পুটায়ং চার ওভার বল করে ৩৭ রান দিয়ে ভারতীয় অধিনায়ক হারমানপ্রিত কৌরের উইকেট নেন। এরপর ভারতের বোলিংয়ে মাত্র ১.১ ওভার বল করার সুযোগ পান দীপ্তি। তাতেই কোনো রান না দিয়ে তুলে নেন তিন উইকেট।
এই তিন উইকেটেই দীপ্তির মোট শিকার দাঁড়ায় ১৭১, আর পুটায়ংয়ের ১৭০। ফলে নারী টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় শীর্ষে উঠে যান ভারতীয় অফ স্পিনার।
দীপ্তি অবশ্য এই রেকর্ড গড়েছেন পুটায়ংয়ের চেয়ে বেশি ম্যাচ খেলে। ১৪৭ ইনিংসে বোলিং করে ১৭১ উইকেট নিয়েছেন তিনি। অন্যদিকে পুটায়ং ১০৬ ইনিংসে ১৭০ উইকেট শিকার করেছেন।
তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন রুয়ান্ডার হেনরিয়েটে ইশিমুয়ে, যার উইকেট ১৬৪টি। ইংল্যান্ডের সোফি এক্লেস্টোন ১৫৪ উইকেট নিয়ে আছেন চতুর্থ স্থানে।
থাইল্যান্ডের বিপক্ষে দীপ্তির তিন উইকেটও এসেছে বিরল এক কীর্তির তালিকায়। নারী ক্রিকেটে শূন্য রানে তিন উইকেট নেওয়ার ঘটনা এখন পর্যন্ত ২০ বার দেখা গেছে।
ম্যাচে দীপ্তির দুর্দান্ত বোলিংয়ের পর ভারত থাইল্যান্ডকে মাত্র ৬৫ রানে গুটিয়ে দেয়। পরে ১৫৯ রানের লক্ষ্য ছুড়ে দিয়ে ম্যাচটি ৯৪ রানে জিতে নেয় ভারত।








