ছবি সংগৃহীত
বিনোদন ডেস্ক ::ভারতের দক্ষিণী অভিনেত্রী সমান্থা রুথ প্রভু। জীবন এখন আগের চেয়ে আলাদা, অনুভূতিগুলোও নতুন। মাতৃত্বের এই বিশেষ অধ্যায়টি দারুণভাবে উপভোগ করছেন তিনি। গর্ভকালীন এই সময়ে নিজের শরীর ও মনকে চাঙ্গা রাখতে স্বাস্থ্য সচেতনতায় এতটুকু ছাড় দিচ্ছেন না। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজের নিয়মিত শরীরচর্চার কিছু ছবি ও ভিডিও অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন এই অভিনেত্রী।
তবে নিছক ছবি পোস্ট করেই ক্ষান্ত হননি, নিজের এই নতুন শারীরিক যাত্রার গভীর অনুভূতির কথাও ব্যক্ত করেছেন তিনি। শরীরচর্চার একটি ছবির ক্যাপশনে নিজের উপলব্ধি শেয়ার করে সমান্থা লিখেছেন,‘এখন শরীরের কথাও শুনতে শিখেছি।’

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ছবিগুলোতে সমান্থার মুখে স্পষ্ট মাতৃত্বের স্নিগ্ধ আভা। কোনো ছবিতে তাকে পরম মনযোগে ব্যায়াম করতে দেখা যাচ্ছে, আবার কোনো ছবিতে হাঁপিয়ে উঠে মেঝেই শুয়ে হাসিমুখে পোজ দিয়েছেন তিনি। এক ফাঁকে মজার ছলে অভিনেত্রী জানান, এখন এমন অনেক দিন যায় যখন শরীরচর্চার বেশির ভাগ সময়টাই তার কেটে যায় মেঝের ওপর শুয়ে বিশ্রাম নিয়ে।
তবে ছবি শেয়ারের পাশাপাশি অনুগামীদের জন্য একটি কড়া সতর্কবার্তাও দিয়েছেন সমান্থা। তিনি জানান, দীর্ঘদিন ধরে শরীরচর্চার অভ্যাস থাকায় এবং চিকিৎসকের উপযুক্ত পরামর্শ নিয়েই তিনি গর্ভাবস্থায় এই ওয়ার্কআউট চালিয়ে যাচ্ছেন। এমনকি তার ট্রেইনারও গর্ভবতী নারীদের ব্যায়াম করানোর ক্ষেত্রে বিশেষভাবে প্রশিক্ষিত। প্রতিটি নারীর গর্ভাবস্থার অভিজ্ঞতা এবং শারীরিক পরিস্থিতি ভিন্ন হয়।
তাই তার ভিডিও দেখে অন্য কোনো হবু মা যেন হুট করে এভাবে শরীরচর্চা শুরু না করেন সেই তাগিদ দিয়ে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়ার আহ্বান জানান তিনি। সম্প্রতি স্বামী রাজের সঙ্গে একান্তে কাটানো ‘বেবিমুন’-এর বেশ কিছু রোমাঞ্চকর মুহূর্ত ভক্তদের সঙ্গে শেয়ার করেছিলেন সমান্থা।








