ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : জামালপুর সদর উপজেলার নরুন্দি ইউনিয়নের মিরাপুর এলাকা থেকে ১৬ বস্তা ঘোড়ার মাংসসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। এসময় একটি পিকআপ জব্দ করা হয়। ১৬টি বস্তায় ৯০০ কেজি মাংস রয়েছে বলে জানিয়েছে পুলিশ। রবিবার দুপুরে এ ঘটনা ঘটে।
নরুন্দি থানার ইনচার্জ মো. নাজমুল হক জানান, রবিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার নরুন্দি ইউনিয়নের মিরাপুর এলাকায় অভিযান চালিয়ে একটি পিকআপে করে ১৬টি বস্তায় ৯০০ কেজি ঘোড়ার মাংস বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় ঘোড়ার মাংসের বিক্রেতা, ক্রেতা ও পরিবহনের অভিযোগে পাঁচজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন ঘোড়ার মাংস বিক্রেতা টাঙ্গাইলের মধুপুর উপজেলার শোলাকড়ি উত্তরপাড়া এলাকার মকবুল হোসেনের ছেলে মো. হুমায়ুন (৪০), মাংসের ক্রেতা টাঙ্গাইলের গোপালপুর উপজেলার চরদুবারকান্দি এলাকার মৃত আবুল হোসেনের ছেলে আলফাজ (৪২) ও একই এলাকার মো. নুরুল ইসলামের ছেলে মো. শহিদ (৩৫), পিকআপের চালক জামালপুরের সরিষাবাড়ী উপজেলার হাইঞ্চারচর এলাকার রমজান আলীর ছেলে মো. জুয়েল (২৬) এবং হেলপার শরিয়তপুর জেলার জাজিরা উপজেলার আমির হোসেনের ছেলে মো. তাসির মিয়া (২৫)।
নাজমুল হক জানান, এই চক্রটি ঘোড়ার মাংস জামালপুরসহ বিভিন্ন জেলায় হোটেল-রেস্তোরাতে বিক্রি করতো। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমান হোসেন আটককৃতদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় ঘোড়ার মাংস বিক্রেতা ও দুই ক্রেতাকে ছয় মাস এবং পিকআপের চালক ও হেলপারকে দুই মাসের কারাদণ্ডসহ এক লাখ ১০ হাজার টাকা জরিমানার আদেশ দেন।








