ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : শিক্ষার্থীদের শুধু পড়ালেখার মধ্যেই সীমাবদ্ধ রাখলে চলবে না, তাদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ফেনী-২ (ফেনী সদর) আসনের সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি।
সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্যের বরাদ্দ থেকে ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলে।
তিনি আরও বলেন, তরুণ ও যুবসমাজকে মাদক, মোবাইল আসক্তি এবং অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে নিয়মিত মাঠপর্যায়ে খেলাধুলার আয়োজন ও সুযোগ তৈরি করা জরুরি। প্রতিষ্ঠানগুলোতে খেলাধুলার সরঞ্জাম পৌঁছানোর মাধ্যমে এ চর্চা আরও গতি পাবে।
সোমবার দুপুরে ফেনী সদর উপজেলার ১৫টি স্কুল, ছয়টি কলেজ, ১২টি মাদরাসা, ২৬টি প্রাথমিক বিদ্যালয় ও পাঁচটি ক্রীড়া ক্লাবের প্রতিনিধিদের হাতে এসব ক্রীড়া সামগ্রী তুলে দেওয়া হয়।
ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা নাসরিন কান্তার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনীর ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. এএসএম সোহরাব আল হোসাইন, সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা খালেদা পারভীন, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফজলুর রহমান বকুল, সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, ফেনী পৌর বিএনপির আহ্বায়ক দেলোয়ার হোসেন বাবুল এবং উপজেলা শিক্ষা সুপারভাইজার কামরুন্নাহার।
অনুষ্ঠানে সমাপনী বক্তব্যে ইউএনও সুলতানা নাসরিন কান্তা জানান, শিক্ষার্থীদের সুস্থ ও সুন্দর পরিবেশে বেড়ে ওঠার সুযোগ করে দিতে স্থানীয় ক্রীড়া অবকাঠামো ও সরঞ্জাম বৃদ্ধিতে এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।








