ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : নারায়ণগঞ্জ সদর থানার দায়ের করা পুলিশের গাড়ি ভাঙচুর মামলায় আদালতে হাজিরা দিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। মঙ্গলবার (২৮ জুলাই) বেলা ১১ টায় নারায়ণগঞ্জ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরীর আদালতে তিনি এই হাজিরা প্রদান করেছেন।
কোর্ট পুলিশ পরিদর্শক আব্দুস সামাদ বলেন, নারায়ণগঞ্জ সদর থানার দায়ের করা পুলিশের গাড়ি ভাঙচুর মামলায় ডা. সেলিনা হায়াৎ আইভীর হাজিরা ছিলো। এদিন এই মামলায় আদালতে চার্জশিট উপস্থাপন করা হয়েছিলো। চার্জশিট দেয়ার সময় আসামিকে আদালতে উপস্থিত থাকতে হয়। তারই অংশ হিসেবে আইভী আদালতে হাজির হয়েছেন। এই মামলায় তিনি জামিনে রয়েছেন।
এ বিষয়ে তার আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন বলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর নারায়ণগঞ্জ সদর থানার মামলায় হাজিরা ছিলো। এই মামলায় তিনি জামিনে রয়েছেন। তিনি দীর্ঘদিন কারাবাসে ছিলেন; যে কারণে তিনি শারীরিকভাবে অসুস্থ। আইন-শৃঙ্খলা পরিস্থিতি সার্বিক বিবেচনায় আসামির পরিবর্তে আইনজীবী হাজিরা প্রদান করবে এই মর্মে আবেদন করা হয়েছিলো। সেই আবেদনের শুনানির প্রেক্ষিতে আদালত আবেদন মঞ্জুর করেছেন।
তিনি আরও বলেন, যতক্ষণ পর্যন্ত মামলাটি বিচারের জন্য সংশ্লিষ্ট আদালতে বদলি না হয় ততদিন পর্যন্ত আইনজীবী হাজিরা চলবে। আইভীকে বাড়ি থেকে গ্রেপ্তার করার পরে রাস্তায় তার গাড়িতে হামলার ঘটনায় এই মামলা দায়ের করা হয়েছিলো।
এর আগে গত বছরের ৯ মে ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগের নিজ বাসা থেকে আইভীকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের ঘটনায় হওয়া তিনটি হত্যা মামলা ও দুটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরে আবারও আরও পাঁচটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। এরপর আরও দুটি মামলায় আইভীকে গ্রেপ্তার দেখানো হয়। আর এসব মামলায় তিনি দীর্ঘদিন কারাভোগ করার পর গত ৩ জুন তিনি কারামুক্ত হন।








