ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ফলের চালানের আড়ালে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অন্তত ১৬ কেজি স্বর্ণের বার জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউজ।
রবিবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ এই স্বর্ণ জব্দ করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বিদেশ থেকে আসা একটি ফলের চালান নিয়ে আগে থেকেই তথ্য ছিল। সেই তথ্যের ভিত্তিতে কার্গো ভিলেজে তল্লাশি চালানো হলে ফলের ক্যারেটের ভেতরে অত্যন্ত কৌশলে লুকিয়ে রাখা স্বর্ণের বারগুলো জব্দ করা হয়। প্রাথমিক হিসেবে জব্দ হওয়া স্বর্ণের পরিমাণ অন্তত ১৬ কেজি।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সংঘবদ্ধ চোরাচালান চক্র ফল আমদানির আড়ালে স্বর্ণ দেশে পাচারের চেষ্টা করছিল।
কীভাবে চালানটি দেশে এসেছে, কারা এর সঙ্গে জড়িত এবং এর গন্তব্য কোথায় ছিল—এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তি ও চক্রকে শনাক্ত করে গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।
একইসঙ্গে স্বর্ণের প্রকৃত মালিক, চালানের উৎস এবং এর পেছনে থাকা নেটওয়ার্ক শনাক্তে তদন্ত চলছে।
এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।








