আসাদ হোসেন রিফাতঃ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দইখাওয়া হাটে অতিরিক্ত টোল আদায়ের সংবাদ সংগ্রহ করতে গিয়ে বিএনপি নেতাদের হাতে বর্বরোচিত হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিক।
এ ধরনের একটি ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
জানাগেছে, হাতীবান্ধা উপজেলার দইখাওয়া হাটে অতিরিক্ত টোল আদায়ের ভিডিও ধারণ করতে যান মানবকন্ঠের লালমনিরহাট প্রতিনিধি আসাদুজ্জামান সাজু ও আনন্দ টিভির প্রতিনিধি আব্দুর রহিম। এসময় তাদের ওপর চড়াও হন গোতামারী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নুর ইসলাম এবং ওই ইউনিয়নের ছাত্রদলের সাবেক সম্পাদক মজিবর।
শুক্রবার (০১ মে) বিকেলে উপজেলার দইখাওয়া হাটে এ হামলার ঘটনা ঘটে।
এ সময় সাংবাদিক আসাদুজ্জামান সাজুর হাতে থাকা মোবাইল ফোন ছিনিয়ে নেয়, নুর ইসলাম ও তার সঙ্গে থাকা বিএনপির একদল নেতাকর্মীরা। এ ঘটনার ভিডিও ধারণের চেষ্টা করলে সাংবাদিক আব্দুর রহিমের উপরেও চড়াও হন তারা। এ ধরনের একটি ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
সাংবাদিকদের উপর ন্যক্কারজনক ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় সংবাদকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
সাংবাদিকদের উপর হামলায় নেতৃত্বদানকারী বিএনপি নেতা নুর ইসলামের সাথে একাধিকবার যোগাযোগ করা হলেও কোনো সাড়া মেলেনি।
হাতীবান্ধা উপজেলা বিএনপির আহ্বায়ক মোশাররফ বলেন, আমরা খোঁজ নিয়ে দেখবো। সাংবাদিকদের উপর হামলার ঘটনা সত্যি হয়ে থাকলে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমজান আলী জানান, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এখনো এই বিষয়ে কোনো লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’








